শনিবার, আগস্ট ২২, ২০২৬

অপপ্রচারের অভিযোগে ১টি ফেসবুক পেজ সংশ্লিষ্টদের বিরুদ্ধে ছাত্রদল নেতার মামলার আবেদন

WP Import ১০ নভেম্বর ২০২৫ ১১:৩২ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ১০ নভেম্বর ২০২৫ ১১:৩২ অপরাহ্ন

রাবি প্রতিবেদক:


বিএনপি ও ছাত্রদলকে নিয়ে অপপ্রচারের অভিযোগে ‘রাজশাহী ইউনিভার্সিটি নিউজ২৪’ নামে একটি ফেসবুক পেজের সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলার আবেদন করেছেন এক ছাত্রদল নেতা। সোমবার (১০ নভেম্বর) দুপুরে রাজশাহীর মতিহার থানায় এই আবেদন জমা দিয়েছেন তিনি।

মামলার আবেদনকারী মো. নাফিউল ইসলাম জীবন (২৭) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি রাবি শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদকের দায়িত্বে রয়েছেন। রাকসু নির্বাচন-২০২৫ এ ছাত্রদল মনোনীত প্যানেল থেকে জিএস প্রার্থী ছিলেন তিনি।

মামলার আবেদনে বলা হয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বৃহৎ শিক্ষার্থীভিত্তিক গ্রুপসমূহ বিশেষ করে রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিবার ও রাজশাহী বিশ্ববিদ্যালয় সংসদ- এ দীর্ঘদিন ধরে “ Rajshahi University News 24” নামে পরিচিত একটি (পেজ থেকে) ধারাবাহিকভাবে ফটোকার্ড তৈরি ও প্রচার করা হচ্ছে।

আবেদনে আরও বলা হয়, এসব ফটোকার্ডে ছাত্রদল ও বিএনপির বক্তব্যসহ বিভিন্ন বিষয় বিকৃত করে এমনভাবে প্রকাশ করা হচ্ছে যাতে বিএনপি ও ছাত্রদলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এবং শিক্ষার্থীদের মাঝে বিভ্রান্তি সৃষ্টি হয়। এ কার্যক্রম নিছক মুখরোচক প্রচারণা নয়। এটি উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার এবং ফটোকার্ডের মাধ্যমে বিভ্রান্তিমূলক সন্ত্রাস সৃষ্টি করছে। উক্ত ফটোকার্ড তৈরি ও প্রচারের সঙ্গে জড়িত ব্যক্তির পরিচয় সম্পূর্ণ অজ্ঞাত। তার পরিচয়, অবস্থান এবং উদ্দেশ্য সম্পর্কে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও কিছু জানেন না। ফলে এ ধরনের গোপন, উস্কানিমূলক ও বিভ্রান্তিমূলক প্রচারণা শিক্ষার্থী সমাজে অস্থিরতা সৃষ্টি করছে।
আবেদনটি মামলা হিসেবে গ্রহন করা হয়েছে কিনা জানতে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেকের অফিসিয়াল মুঠোফোন নম্বরে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও সাড়া পাওয়া যায়নি।