নির্বাচনী ট্রেন চলছে, কেউ রুখতে পারবে না : মিলন

নিজস্ব প্রতিবেদক:
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক অ্যাড. শফিকুল হক মিলন বলেছেন, আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনের ট্রেন ইতিমধ্যে চালু হয়েছে। এ নির্বাচনী প্রক্রিয়া কেউ থামাতে পারবে না। সোমবার (১০ নভেম্বর) বিকেলে পবা উপজেলার বড়গাছী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন তিনি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটকেন্দ্রে নির্বাচনী প্রস্তুতি ও ‘রাষ্ট্র মেরামতের ৩১ দফা’ বাস্তবায়নে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এই কর্মীসভা আয়োজন করা হয়। বিএনপির নেতা মিলন বলেন,“গত ১৭ বছর জনগণ ভোট দিতে পারেনি। এবারে সবার ভোটাধিকার নিশ্চিত করার পরিবেশ তৈরি হয়েছে। জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেবে ও একটি নির্বাচিত সরকার গঠন করবে।”তিনি আরও বলেন,“কিছু ষড়যন্ত্রকারী নির্বাচন বানচালের চেষ্টা করছে, কিন্তু জনগণ এখন সচেতন। তারা যে কোনো ষড়যন্ত্র রুখে দেবে।”
নিজের নির্বাচনী অঙ্গীকারের বিষয়ে মিলন বলেন, “দল আমাকে রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের মনোনয়ন দিয়েছে। নির্বাচিত হলে এলাকার রাস্তাঘাট, স্কুল-কলেজ, ধর্মীয় প্রতিষ্ঠান ও বেকার সমস্যার উন্নয়নে কাজ করব।”
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, “অন্যায়ের সঙ্গে আপস না করায় বেগম জিয়া আপসহীন নেত্রী হিসেবে বিশ্বে পরিচিত। তিনবার প্রধানমন্ত্রী ও দুইবার বিরোধীদলীয় নেত্রীর দায়িত্ব পালন করেছেন তিনি। এবারও তিনি তিনটি আসনে প্রার্থী হয়েছেন।” সভায় পবা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ, আব্দুস সালাম মাস্টার, নওহাটা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মামুনুর সরকার জেডসহ স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভা পরিচালনা করেন বড়গাছী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রতন এবং সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুল মন্ডল।