রাবি চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের নতুন সভাপতি তরুণ হাসান

রাবি প্রতিবেদক:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের সভাপতি পদ থেকে অধ্যাপক এনামুল হক-কে অপসারণ করে তার মূল বিভাগ মনোবিজ্ঞানে নিযুক্ত করা হয়েছে। চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের নতুন সভাপতি হিসেবে একই বিভাগের সহকারী অধ্যাপক তরুণ হাসান-কে নিয়োগ দেওয়া হয়েছে। রোববার (৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. ইফতেখারুল আলম মাসউদ স্বাক্ষরিত এক অফিস আদেশ থেকে এসব তথ্য জানা যায়।
অফিস আদেশে বলা হয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্বার্থে চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের সভাপতি প্রফেসর ড. মোহা. এনামুল হক-কে তাঁর মূল বিভাগ অর্থাৎ মনোবিজ্ঞান বিভাগে স্বপদে ৯ নভেম্বর অপরাহ্ন হতে প্রত্যাবর্তনের অনুমতি দেয়া হলো।
আদেশে আরও বলা হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন ১৯৭৩ এর ১ম স্ট্যাটিউটের ৩ (১) ধারা মোতাবেক চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক জনাব মো. তরুণ হাসান-কে পুনরাদেশ না দেয়া পর্যন্ত চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের সভাপতির রুটিন দায়িত্ব পালন করার অনুমতি দেয়া হলো। এ আদেশ ৯ নভেম্বর অপরাহ্ন হতে কার্যকর হবে।
এর আগে, গত ২১ অক্টোবর থেকে তিন দফা দাবিতে বিভাগে তালা ঝুলিয়ে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন শুরু করেছিলে চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। এর দুই দিন পর গত ২৩ অক্টোবর থেকে তিন দফা দাবি বাস্তবায়নে ব্যর্থ হওয়া এবং অসহযোগিতা ও স্বজনপ্রীতির অভিযোগে ‘বহিরাগত’ চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করে আসছিলেন তাঁরা।
তাঁদের তিন দাবির মধ্যে ছিলো- বৈষম্যমূলক শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধন, ইন্টার্নশিপ ভাতা চালু ও বিসিএস পরীক্ষায় চিকিৎসা মনোবিজ্ঞানের শিক্ষা ক্যাডার অন্তর্ভুক্ত করা।