রাকসু নির্বাচন : ছাত্রদল সমর্থিত প্যানেলের ১০ দফা ইশতেহার

রাবি প্রতিবেদক:
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেল ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেল ১০ দফা ও ৩৮টি উপ-দফা ইশতেহার ঘোষণা করেছে। রোববার (১২ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে আয়োজিত এক সংবাদ সম্মেলন এই ঘোষণা দেন তারা।
উল্লেখযোগ্য ইশতেহারগুলো হলো- স্টারলিংক স্যাটেলাইট প্রযুক্তির মাধ্যমে রাবি ক্যাম্পাসে দেশের সর্বোত্তম উচ্চগতির ওয়াইফাই নেটওয়ার্ক সুবিধা নিশ্চিত করা, প্রতিটি হলে সনাতন ধর্মালম্বীসহ অন্য ধর্মাবলম্বী শিক্ষার্থীদের জন্য প্রার্থনা কক্ষ নিশ্চিত করা, আবাসন সংকট নিরসন এবং বিবাহিত রাবিয়ান কাপলদের জন্য আবাসিক হল নির্মাণের উদ্যোগ গ্রহণ করা ইত্যাদি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেলের সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী শেখ নূর উদ্দিন আবির। এসময় তিনি ১০ দফা ও ৩৮টি উপ-দফা ইশতেহার ঘোষণা করেন।
উল্লেখযোগ্য দফাগুলো হলো. ড. শামসুজ্জোহার শহীদ হওয়ার দিনটিকে ‘জাতীয় শিক্ষক দিবস’ হিসেবে ঘোষণা করা; বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে সমন্বয় করে একাডেমিক উৎকর্ষ নিশ্চিতকরণ এবং বিশ্ববিদ্যালয়কে মুক্ত জ্ঞানচর্চার কেন্দ্র হিসেবে গড়ে তোলা; বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের লাইব্রেরি, ইন্টারনেট ও বিদ্যুৎ সেবা উন্নয়ন এবং স্টারলিংক স্যাটেলাইট প্রযুক্তির মাধ্যমে রাবি ক্যাম্পাসে দেশের সর্বোত্তম উচ্চগতির ওয়াইফাই নেটওয়ার্ক সুবিধা নিশ্চিত করা; ক্যাম্পাসের অভ্যন্তরে শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা; ক্যাম্পাসের চিকিৎসা কেন্দ্র আধুনিকায়ন করা।
এছাড়া, নারী শিক্ষার্থী এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত সুযোগ-সুবিধা নিশ্চিত করা; ক্যাম্পাসে সকল শিক্ষার্থীদের সামাজিক সহাবস্থান এবং মুক্ত সাংস্কৃতিক চর্চার পরিবেশ নিশ্চিত করা এবং প্রতিটি হলে সনাতন ধর্মালম্বীসহ অন্য ধর্মাবলম্বী শিক্ষার্থীদের জন্য প্রার্থনা কক্ষ নিশ্চিত করা; আবাসন সংকট নিরসন এবং বিবাহিত রাবিয়ান কাপলদের জন্য আবাসিক হল নির্মাণের উদ্যোগ গ্রহণ; স্বাস্থ্যসম্মত খাবার ও বিশুদ্ধ পানি নিশ্চিত করা; দূরবর্তী শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে রাবি রেলস্টেশন সচল করা ও শিক্ষার্থীদের জন্য ডিসকাউন্ট টিকিটের ব্যবস্থা করা। এছাড়া ক্যাম্পাস বাসের রুট এবং ট্রিপ সংখ্যা বৃদ্ধি করা।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে জিএস পদপ্রার্থী নাফিউল ইসলাম জীবন, এজিএস পদপ্রার্থী জাহিন বিশ্বাস এষা-সহ অন্যান্য পদপ্রার্থীরা উপস্থিত ছিলেন।