তিরোভাব মহোৎসবের কারণে দীর্ঘ যানজট, ভোগান্তিতে যাত্রীরা

নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার খেতুরী গ্রামে লাখো ভক্তের পদচারণায় শুরু হয়েছে বৈষ্ণব সাধক নরোত্তম দাস ঠাকুরের খেতুরিভাব (তিরোভাব) মহোৎসব। আর মহোৎসবের কারণে প্রায় পাঁচ কিলোমিটার যানজট শুরু হয়েছে রাজাবাড়ী থেকে বসন্তপুর পর্যন্ত। একারণে ঢাকাগামী বাসগুলোর যাত্রীরা ভোগান্তিতে পড়েছে।
শুক্রবার (১১ অক্টোবর সকাল থেকে শুরু হওয়া এ উৎসব চলবে সোমবার (১৩ অক্টোবর) পর্যন্ত। দেশ-বিদেশ থেকে আগত ভক্তদের ঢল নেমেছে গোদাগাড়ীর প্রেমতলীতে। এর উপলক্ষে চলছে মেলাও। শুক্রবার দেশের বিভিন্ন স্থান থেকে ভক্তরা আসতে শুরু করেছেন। বাস, প্রাইভেট কার, মাইক্রোবাস নিয়ে আসছেন তারা। আর এ কারণে যানজটের সৃষ্টি হয়েছে।
খেতুরী গ্রামটি উপজেলার প্রেমতলী বাজার থেকে প্রায় এক কিলোমিটার দূরে। ভোর থেকেই ভক্ত, অনুরাগী ও সাধু-সন্ন্যাসীরা দল বেঁধে মহোৎসবে যোগ দিচ্ছেন। ধর্মীয় আচার, নামসংকীর্তন, প্রসাদ বিতরণ ও আলোচনা সভায় মুখর হয়ে উঠেছে পুরো এলাকা।
এ বছর প্রায় দশ লাখ ভক্তের উপস্থিতি প্রত্যাশা করা হচ্ছে। ভক্তদের ভিড়ে রাজাবাড়ী থেকে বসন্তপুর পর্যন্ত এবং বিজয়নগর থেকে প্রেমতলী বাজার মোড় পর্যন্ত সড়কে দেখা দিয়েছে তীব্র যানজট। পার্কিংয়ের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় যানজট আরও বেড়েছে।
আল আমিন নামের একজন জানান, প্রেমতলী থেকে গোদাগাড়ী যাচ্ছিলাম রোগী নিয়ে। প্রায় এক ঘণ্টা ধরে জ্যামে আটকে আছি। সামনে-পেছনে গাড়ি নড়ছে না। রোগী দেখিয়ে আবার ফিরে আসতে হবে।
এদিকে ভোর থেকে রাজশাহীর শিরোইলে ঢাকাগামী যাত্রীদের ভীড় লক্ষ্য করা গেছে। ভোরের দিকে দুয়েক ট্রিপ বাস ছাড়লেও বেশিরভাগ বাস গোদাগাড়ীতে আটকে থাকায় ছাড়েনি।
মোজাম্মেল হক নামের এক যাত্রী জানান, দেশ ট্রাভেলসের সকাল ১০টার এসি বাসের টিকিট কেটেছি। কাউন্টারে এসে দেখি কোন বাসই নেই। আগে থেকেও বিষয়টি জানানো হয়নি। তারা বলছে সব বাস জ্যামে আটকা আছে।
সুরভী ইয়াসমিন নামের আরেক যাত্রী জানান, একতা ট্রান্সপোর্টের সকালের এসি বাসের টিকিট নেওয়া ছিল। বাস ছাড়তে দেরি হবে বলে আগেই জানিয়েছে। তারপরও বাড়ি দূরে হওয়ার কারণে আগেই আসতে হয়েছে। কাউন্টারেও বেশ ভীড় তাই বাইরে দাঁড়িয়ে আছি।
গ্রামীণ ট্রাভেলসের ব্যবস্থাপক হাসানুজ্জামান সম্রাট বলেন, ঢাকাগামী সব গাড়ি চাঁপাই থেকে ছেড়ে আসে। সকালে শুধু রাজশাহী থেকে দুটি বাস ছাড়তে পারা হয়েছে। বাকিগুলোর সিডিউল বিপর্যয় হয়েছে। যাত্রীরাও অনেক কষ্ট পাচ্ছে এজন্য। তবে আমাদের সেবার কোন কমতি রাখা হচ্ছে না।
মহোৎসবে ভক্তদের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় পুলিশ প্রশাসন ব্যাপক প্রস্তুতি নিয়েছে। প্রায় পাঁচ শতাধিক পুলিশ সদস্য মোতায়েন রয়েছেন গোদাগাড়ী, প্রেমতলী ও খেতুরী এলাকায়। তাদের সঙ্গে রয়েছেন ট্রাফিক পুলিশ, র্যাব ও গোয়েন্দা সংস্থার সদস্যরাও।
গোদাগাড়ী মডেল থানার ওসি (তদন্ত) মোয়াজ্জেম হোসেন বলেন, লাখো ভক্তের নিরাপত্তা ও যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ দিন-রাত কাজ করছে। স্থানীয় স্বেচ্ছাসেবক দলও সহায়তা করছে। যানজট নিরসনে কাজ করছে ট্রাফিক পুলিশ। তাদের সহযোগিতা করা হচ্ছে। দেশের বিভিন্ন স্থান থেকে পাঁচ শতাধিকের বেশি গাড়ি এসেছে। তাই একটু সমস্যা হচ্ছে। আশা করা যায় খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে।
উল্লেখ্য, নরোত্তম দাস ঠাকুর ছিলেন বৈষ্ণব ধর্মের মহান সাধক ও সংস্কারক। তিনি বাংলায় ভক্তি আন্দোলনের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তার তিরোভাব তিথি উপলক্ষে প্রতি বছর এই মহোৎসব পালিত হয়। ধর্মীয় উৎসব হলেও এটি এখন সামাজিক ও সাংস্কৃতিক মিলনমেলায় পরিণত হয়েছে।#