মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

ঈশ্বরদীতে চুরির অপবাদ সইতে না পেরে যুবকের আত্মহত্যা

WP Import ২৮ সেপ্টেম্বর ২০২৫ ০৮:৪৫ অপরাহ্ন
WP Import ২৮ সেপ্টেম্বর ২০২৫ ০৮:৪৫ অপরাহ্ন

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:


পাবনার ঈশ্বরদীতে একটি দোকান থেকে টাকা ও কিছু জিনিসপত্র চুরি করে ধরা পড়ার পর অপবাদ ও অপমান সইতে না পেরে সঞ্জু সরদার (২৮) নামের এক যুবক আত্মহত্যা করেছে। সঞ্জু উপজেলার পাকশী ইউনিয়নের বাঘইল নবাব মোড় এলাকার আকমল হোসেন সরদারের ছেলে। সে পেশায় ট্রাক্টরের হেলপার হিসেবে কাজ করতো। শনিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। ময়না তদন্ত করার পর রোববার (২৮ সেপ্টেম্বর) বিকেলে ওই যুবকের মরদেহ সাঁড়াগোপালপুর কেন্দ্রীয় গোরস্থানে দাফন করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী, দোকানী ও পুলিশ সূত্রে জানা গেছে, নবাব মোড়ের বকুল হাসান মন্ডল নামের এক দোকানীর দোকান থেকে কয়েক দফায় ১০/১২ হাজার টাকা ও সর্বশেষ শনিবার দুপুরে ক্রেতা হয়ে দোকানে এসে চকলেট, চুইংগামসহ কিছু জিনিসপত্র চুরি করার পর হাতে নাতে ধরা পড়ে সঞ্জু। এ ঘটনায় তাৎক্ষনিকভাবে সেখানে উপস্থিত সাধু মন্ডল, মনোয়ার হোসেন, আরশেদ আলী, আমজাদ হোসেন, সবেদ আলী খাঁসহ অন্যান্যরা তাকে দোকানের সামনে বসিয়ে রেখে চুরি করা টাকা ফেরত দেওয়ার কথা বললে সঞ্জু তার স্ত্রীর মাধ্যমে বাড়ি থেকে সাড়ে ৫ হাজার টাকা ফেরতও দেয়। পরে দোকানী ও স্থানীয়দের নিকট ভুল স্বীকার করে ক্ষমা চান। বাকি টাকা কয়েকদিন পর ফেরত দেওয়ার কথা স্বীকার করলে তাকে সবাই ক্ষমাও করে দেন। এ নিয়ে সেখানে উপস্থিত লোকজন তাকে নানা কটু কথা ও অপবাদ দেয়।

চুরি করে ধরা পড়া ও প্রতিবেশীদের সামনে অপমানিত হয়ে বাড়িতে গিয়ে নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে সঞ্জু। বাড়ির লোকজন ও প্রতিবেশিরা খবর পেয়ে তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছে। এ বিষয়ে দোকানী বকুল হাসান মন্ডল বলেন, সে তার ভুল স্বীকার করার পর আমরা তাকে ক্ষমা করে দিয়েছি কিন্তু বাড়ি গিয়ে সে যে আত্মহত্যা করবে তা আমরা কেউ ভাবতেও পারিনি। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.স.ম. আব্দুন নূর বলেন, লাশ উদ্ধার করার পর ময়না তদন্ত শেষে নিহতের স্বজনদের নিকট লাশ হস্তান্তর করা হয়। এ বিষয়ে ঈশ্বরদী থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।