বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

রাবিতে এবার কর্মবিরতি স্থগিত করলো বিএনপিপন্থী শিক্ষকরা

WP Import ২৫ সেপ্টেম্বর ২০২৫ ০৮:২৮ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ২৫ সেপ্টেম্বর ২০২৫ ০৮:২৮ অপরাহ্ন
রাবিতে এবার কর্মবিরতি স্থগিত করলো বিএনপিপন্থী শিক্ষকরা
রাবিতে এবার কর্মবিরতি স্থগিত করলো বিএনপিপন্থী শিক্ষকরা

রাবি প্রতিবেদক:


রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) জামায়াতপন্থী শিক্ষক এবং কর্মকর্তা-কর্মচারীদের পর এবার কর্মবিরতি স্থগিত করেছে বিএনপিপন্থী শিক্ষকরা। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন-১ এর পাশে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক আব্দুল আলীম।

তিনি বলেন, আজ (বৃহস্পতিবার) দুপুর ১২টায় প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে মাননীয় উপাচার্য মহোদয়ের আহবানে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের নেতৃত্বে জিয়া পরিষদ ও ইউট্যাব, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার শিক্ষকবৃন্দ এক আলোচনা সভায় মিলিত হয়। উক্ত সভায় বিস্তারিত আলোচনা শেষে উপাচার্য মহোদয় শিক্ষক নেতৃবৃন্দকে আশ্বস্ত করেন যে, গত ২০-০৯-২০২৫ তারিখের অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়ে দ্রুততম সময়ে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের ব্যবস্থা গ্রহণ করবেন।

তিনি আরও বলেন, উপাচার্য মহোদয়ের মোখিক প্রতিশ্রুতির প্রক্ষিতে এবং রাকসু নির্বাচনের কার্যক্রম স্বাভাবিক রাখার স্বার্থে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম চলমান আন্দোলন কর্মসূচি আগামীকাল ২৬-০৯-২০২৫ তারিখ থেকে আপাততঃ স্থগিত ঘোষনা করছে। যদি দ্রুততম সময়ে দোষীদের শাস্তি এবং বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা, শিক্ষা ও গবেষণার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত না করা হয়, সেক্ষেত্রে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম সাধারণ শিক্ষকদের নিয়ে স্থগিতকৃত কর্মসূচি পুনরায় গ্রহণ করতে বাধ্য হবে।

এসময় জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক আমিরুল ইসলামসহ বিএনপিপন্থী শিক্ষক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এর আগে, গত সোমবার (২২ সেপ্টেম্বর) কর্মবিরতি স্থগিত করেছিল জামায়াতপন্থী শিক্ষকরা। এরপর বুধবার (২৪ সেপ্টেম্বর) সাতদিনের আল্টিমেটাম দিয়ে কর্মবিরতি স্থগিত ঘোষণা করেছিল কর্মকর্তা ও কর্মচারীরা।
উল্লেখ্য, উপ-উপাচার্যসহ শিক্ষক ও কর্মকর্তাদের লাঞ্ছিত করার প্রতিবাদে এবং অপরাধীদের শাস্তির দাবিতে গত রবিবার থেকে কর্মবিরতি পালন করে আসছিল রাবি’র শিক্ষকরা। এই দাবির সাথে সন্তানদের ভর্তির জন্য প্রাতিষ্ঠানিক সুবিধা (পোষ্যকোটা) পুনর্বহালের দাবিতে কর্মবিরতি পালন করে আসছিল রাবি’র কর্মকর্তা ও কর্মচারীরা।