ঈশ্বরদীর রূপপুরে রুশ নাগরিকের লাশ উদ্ধার

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি :
পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন প্রকল্পে কর্মরত এক রাশিয়ান নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাত ৮টার দিকে পৌর শহরের পূর্বটেংরি জিগাতলা এলাকার একটি ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রাশিয়ান নাগরিকের নাম কারপোভ ক্রিল (২৬)। তিনি রূপপুর প্রকল্পের রুশ ঠিকাদারি প্রতিষ্ঠান ইএসকেএম কোম্পানির ইলেকট্রিশিয়ান ছিলেন।
ঈশ্বরদী থানা সুত্র জানায়, কারপোভ ক্রিল শহরের জিগাতলা এলাকায় ভাড়া বাড়িতে বসবাস করতেন। তিনি ওই বাড়ির পঞ্চম তলার একটি ফ্ল্যাটে একাই থাকতেন। শনিবার রাশিয়া থেকে তার পরিবারের সদস্যরা ক্রিলের মোবাইলে বারবার ফোন করলেও তার সাড়া পাননি। পরে তারা নিরাপত্তায় নিয়োজিত কোম্পানির কর্মকর্তাকে বিষয়টি জানান।
পরে দোভাষী নিরাপত্তা কর্মকর্তা আনোয়ারুল ইসলাম পাশের ফ্ল্যাটের আরেক রাশিয়ান নাগরিককে নিয়ে ফ্ল্যাটের দরজা ভেঙে ঘরে প্রবেশ করে ক্রিলকে বিছানায় উপুড় হয়ে পড়ে থাকতে দেখেন। খবর দেওয়া হলে রাশিয়ান চিকিৎসক এসে ক্রিলকে মৃত ঘোষণা করেন।
ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার সরকার বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই রাশিয়ান নাগরিক ব্রেন স্ট্রোকে মারা যেতে পারেন। কয়েক দিন আগে তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.স.ম. আব্দুন নূর জানান, মৃত্যুর কারন এখনো জানা যায়নি। রাতেই লাশ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্ত ও আনুষঙ্গিক কার্যক্রম শেষে তাঁর মরদেহ রাশিয়ায় পাঠানোর ব্যবস্থা করা হবে।