রবিবার, আগস্ট ২৩, ২০২৬

পবায় ছিনতাইয়ের শিকার সিটি করপোরেশনের নিরাপত্তাকর্মী

WP Import ২১ সেপ্টেম্বর ২০২৫ ০২:০৮ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ২১ সেপ্টেম্বর ২০২৫ ০২:০৮ অপরাহ্ন
পবায় ছিনতাইয়ের শিকার সিটি করপোরেশনের নিরাপত্তাকর্মী
পবায় ছিনতাইয়ের শিকার সিটি করপোরেশনের নিরাপত্তাকর্মী


নিজস্ব প্রতিবেদক:


পবা উপজেলার নওহাটা পৌরসভার এয়ারপোর্ট থানার বিমানবন্দর এলাকার উত্তরে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) এক নিরাপত্তাকর্মী ছিনতাইয়ের শিকার হয়েছেন। রোববার (২১ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী ফয়সাল আহমেদ সাগর (৩২) নওহাটা পৌরসভার শ্রীপুর এলাকার মৃত আব্দুল রশিদের ছেলে। তিনি বর্তমানে রাজশাহী সিটি করপোরেশনে নিরাপত্তাকর্মী হিসেবে চাকরি করছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ভোর ৫টায় ডিউটিতে যাওয়ার পথে বিমানবন্দর এলাকার উত্তরে পৌঁছালে হঠাৎ করে একটি মোটরসাইকেলে আসা তিন দুর্বৃত্ত তার গতিরোধ করে। তাদের হাতে থাকা রামদা ও ধারালো অস্ত্রের মুখে ফেলে তারা সাগরের কাছ থেকে নগদ ৯ হাজার টাকা এবং একটি মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে যায়। এসময় তিনি চিৎকার করলে দুর্বৃত্তরা ধারালো অস্ত্রের আঘাত করে দ্রুত পালিয়ে যায়। পরে তিনি এয়ারপোর্ট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

ফয়সাল আহমেদ অভিযোগে উল্লেখ করেন, দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করেই পরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছে। এমন ঘটনার পর তিনি ও তার পরিবার ভয়ভীতি ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।

ভুক্তভোগী ফয়সাল আহমেদ সাগর আরও বলেন,“আমি সিটি করপোরেশনের একজন নিরাপত্তাকর্মী। তবুও দুর্বৃত্তদের হাত থেকে রক্ষা পাইনি। সাধারণ মানুষ কতটা নিরাপদ—এখন সেটাই প্রশ্ন। আমি পুলিশ-প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি দ্রুত এদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।”

এ বিষয়ে রাজশাহী মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক হোসেন প্রথম আলোকে বলেন,“আমরা ঘটনাটি সম্পর্কে অবগত হয়েছি। ভুক্তভোগীর অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”