তানোরে পুলিশের উপরে হামলার অভিযোগ, দুই পুলিশ আহত
তানোর প্রতিনিধি:
রাজশাহী তানোরে টিভি নেটওয়ার্ক সংযোগ বৃদ্ধি করা নিয়ে দ্বন্দ্ব দুই অপারেটরের দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে। এর এই দ্বন্দ্বের মিমাংসা করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই পুলিশ সদস্য। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে থানা গেটের সামনে এ ঘটনা ঘটে। এসময় জুবায়ের আলী (৩৮) নামের এক ব্যক্তিকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। জুবায়ের বরেন্দ্র ডিজিটাল কেবল টিভি নেটওয়ার্কেও ব্যবস্থাপক। বাড়ি তানোর পৌর এলাকার গুবিরপাড়া মহল্লায়।
তবে আরও দুইজনকে আটক করা হলে তাদের ছাড়িয়ে নেওয়া হয়েছে। এদের দুইজনকে ছাড়িয়ে নিয়েছে বরেন্দ্র ডিজিটাল কেবল টিভি নেটওয়ার্কের সত্বাধিকারি ও তানোর পৌর সাবেক মেয়র বিএনপি থেকে বহিস্কৃত নেতা মিজানুর রহমান মিজান।
পুলিশ জানিয়েছে, তানোর উপজেলার কন্দপুর গ্রামের কৃষকদলের ওয়ার্ড সভাপতি মোকলেছ আলী ময়না কেবল টিভি নেটওয়ার্ক নামে ব্যবসা পরিচালনা করছেন। সেখানে বরেন্দ্র ডিজিটাল কেবল টিভি নেটওয়ার্কের সংযোগ দেয়া হয়। তাদের ব্যবসায় অধিপত্য নিয়ে উভয়পক্ষের লোকজনের মধ্যে বৃহস্পতিবার বিবাদ সৃষ্টি হয়। পরে ঘটনাটি নিয়ে থানায় অভিযোগ দেয়া হয়। ঘটনাটি সমাধানের জন্য শুক্রবার সকাল ১১টার দিকে থানায় মিমাংসা করার জন্য দুই পক্ষকে ডাকেন এএসআই রুহুল আমীন। মোকলেছ আলী তার লোকজন থানায় আসলে তাদের মারধর করা হয়। এতে বাধা দিতে এগিয়ে গেলে পুলিশের ওপর হামলা চালায় বরেন্দ্র কেবল টিভি নেটওয়ার্কের লোকজন। এসময় আহত হন এএসআই রুহুল আমীন ও এক পুলিশ কন্সটেবল। এঘটনায় তিনজনকে আটক করা হয়। পরে মিজান থানা থেকে ইলিয়াস আলী ও জাকির হোসেনকে ছড়িয়ে নেন।
কৃষকদলের ওয়ার্ড সভাপতি মোকলেছ আলী বলেন, ঘটনাটি সমাধনের জন্য তার লোকজন নিয়ে থানার সামনে উপস্থিত হন। এসময় বরেন্দ্র কেবল টিভি নেটওয়ার্কের ব্যবস্থাপক জুবায়ের, ইলিয়াস ও জাকির তাকে ও তার লোকজনের ওপর হামলা করে মারধর চালায় মিজানের লোকজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়ার চেষ্টা করে। এসময় পুলিশের ওপর আক্রমণ হলে এএসআই রুহুল আমীন ও এক পুলিশ কন্সটেবল আহত হন। পরে তারা পালিয়ে যান।
তানোর থানার এএসআই রুহুল আমীন বলেন, টিভি নেটওয়ার্ক সংযোগ আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বে ওসি স্যারের নির্দেশে উভয়পক্ষকে থানায় ডাকা হয়। এসময় বরেন্দ্র কেবল টিভি নেটওয়ার্কের ম্যানেজার জুবায়ের, ইলিয়াস ও জাকির বেধড়ক মারধর চালায় মোকলেছ আলী ও তার লোকজনের ওপর। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়ার চেষ্টা করা হয়। এসময় তাদের ওপর হামলা করা হয়। এতে তিনি আহত হলে হাসপাতালে চিকিৎসা নেন।
এবিষয়ে বরেন্দ্র কেবল টিভি নেটওয়ার্কের সত্বাধিকারি মিজানুর রহমান মিজানের মোবাইলে ফোন দেয়া হলেও তিনি রিসিভ করেননি। এনিয়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেনের মোবাইলে ফোন দেয়া হলেও তিনিও রিসিভ করেননি।
রাজশাহীর পুলিশ সুপার (এসপি) ফারজানা ইসলাম বলেন, এসংক্রান্ত বিষয়ে তিনি অবগত নন। থানায় পুলিশের ওপর হামলা করা হয়ে থাকলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।