নদীপথে ভারতে প্রবেশের চেষ্টা, ৩ যুবক আটক

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
নৌকা নিয়ে নদীপথে ভারতে অনুপ্রবেশের দায়ে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে তিন বাংলাদেশি যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে ভোলাহাট উপজেলার জেকে পোলাডাংগা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ২০১/৫৯-এস হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাদের আটক করা হয়। দুপুরে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় বিজিবি।
আটকরা হলেন- গোমস্তাপুর উপজেলার চৌডালা গ্রামের এমতাজুল হকের ছেলে শামিম হোসেন (২৭), সঞ্জয় কর্মকারের ছেলে পলাশ কর্মকার (২৩) ও শিবগঞ্জ উপজেলার শিবরামপুর গ্রামের মো. সাত্তারের ছেলে মিজানুর রহমান (২৩)।
বিজিবি জানায়, নৌকা নিয়ে নদীপথে চোরাচালানের উদ্দেশ্যে অবৈধভাবে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন তারা। পরবর্তীতে বিজিবির একটি চৌকস টহলদল তাদের গতিবিধি পর্যবেক্ষণ করতে থাকে। পরে বাংলাদেশে ফেরত আসার সময় তাদের আটক করা হয়।
৫৯বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, ভোরে জেকে পোলাডাংগা সীমান্তের পিলার ২০১/৫৯-এস সংলগ্ন এলাকাদিয়ে নৌকাযোগে ভারতে যান তারা। পরবর্তিতে বাংলাদেশে ফেরার সময় অবৈধ অনুপ্রবেশের দায়ে তাদের আটক করা হয়। এ সময় ভারতীয় ৭০রুপি জব্দ করা হয়। তিনি আরও বলেন, তারা চোরাচালানের জন্য নদীপথে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে বলে জানিয়েছে বিজিবিকে।
আটককৃতদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের দায়ে ভোলাহাট থানায় মামলা করা হয়েছে।