ধামইরহাট থেকে কষ্টি পাথরের দেবী পার্বতীর মূর্তিসহ দু’জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক :
র্যাব-৫, সিপিসি-৩ এর একটি অভিযানিক দল সোমবার (১৫ সেপ্টেম্বর) বেলা ২:৩০ টায় নওগাঁর ধামইরহাট থানার বেনিদুয়ার এলাকা থেকে কষ্টি পাথরের হিন্দুদেবী পার্বতীর মূর্তিসহ দুই পাচারকারিকে গ্রেফতার করেছে।
ধৃত আসামীরা হলো- ধামুইরহাট থানার জয়পুরের মৃত ছয়েফ উদ্দিন মণ্ডলের ছেলে মামদুল ইসলাম (৪৫) এবং একই থানার দুর্গাপুরের ময়েন উদ্দিন মণ্ডলের ছেলে তরিকুল ইসলাম (৩৫)। খবর বিজ্ঞপ্তির।
বিজ্ঞপ্তি সূত্র জানা যায়, ধৃত ব্যক্তিরা প্রাচীন পুরাকীর্তি পাচারকারী চক্র। তারা কালো পাথর (কষ্টি পাথর) এর মূল্যবান মূর্তি দেশের বিভিন্ন এলাকা থেকে অবৈধভাবে সংগ্রহ করে সীমান্তবর্তী এলাকা দিয়ে পার্শ্ববর্তী দেশে পাচার করতো।
উদ্ধার মূর্তির উচ্চতা ২৪.৫ ইঞ্চি, পাদদেশের প্রস্থ ১৩ ইঞ্চি এবং ওজন ২৫.১ কেজি। যার মূল্য অনুমান আশি লক্ষ টাকা।
এ সংক্রান্তে ধামইরহাট থানার মামলা নং-০৮ তারিখ- ১৫ সেপ্টেম্বর ২০২৫ রুজু করা হয়েছে।