সোমবার, আগস্ট ২৪, ২০২৬

বাগাতিপাড়ায় কীটনাশক খাইয়ে গৃহবধুকে হত্যার অভিযোগ

WP Import ১৩ সেপ্টেম্বর ২০২৫ ০৯:৩০ অপরাহ্ন
WP Import ১৩ সেপ্টেম্বর ২০২৫ ০৯:৩০ অপরাহ্ন
বাগাতিপাড়ায় কীটনাশক খাইয়ে গৃহবধুকে হত্যার অভিযোগ
বাগাতিপাড়ায় কীটনাশক খাইয়ে গৃহবধুকে হত্যার অভিযোগ

বাগাতিপাড়া প্রতিনিধি:


নাটোরের বাগাতিপাড়ায় পারিবারিক কলহের জেরে আন্নি খাতুন (২১) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে শনিবার (১৩ সেপ্টেম্বর) আন্নির স্বামীসহ শ্বশুরবাড়ির পাঁচজনকে আসামি করে মামলা করেছেন।

মামলার এজাহারে বাদী বোরহানুল ইসলাম উল্লেখ করেন, প্রায় দুই বছর আগে উপজেলার পাঁকা ইউনিয়নের বেগুনিয়া গ্রামের মৃত শামসুল হকের ছেলে পরশ মন্ডলের (২৩) সঙ্গে তার বোন আন্নি খাতুনের বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন বিভিন্ন সময় শারীরিক ও মানসিকভাবে তাকে নির্যাতন করত। এজাহারে বলা হয়, ৯ সেপ্টেম্বর ভোরে পরিকল্পিতভাবে আন্নিকে শ্বশুরবাড়ির শয়নকক্ষে আটকে রেখে শারীরিকভাবে নির্যাতন করা হয়। পরে স্বামীর নির্দেশে আন্নির ননদ পলি খাতুনসহ পরিবারের অন্য সদস্যরা তাকে জোরপূর্বক কীটনাশক পান করায়।

পরিবারের সদস্যরা অসুস্থ অবস্থায় তাকে প্রথমে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১২ সেপ্টেম্বর রাত ৩টা ১০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক আন্নিকে মৃত ঘোষণা করেন।

নিহতের ভাই বোরহানুল ইসলাম দাবি করেছেন, মৃত্যুর আগে আন্নি খাতুন ঘটনার বিবরণ নিজ মুখে জানান এবং সেটি তিনি মোবাইলে রেকর্ড করেছেন। তবে আন্নির মৃত্যুর পর থেকে পলাতক থাকায় তার শ্বশুরবাড়ির কারো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নাজনীন আখতারী বলেন, এই ঘটনায় মামলা হয়েছে। আন্নির মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পলাতক আসামীদের গ্রেপ্তারের অভিযান অব্যহত রয়েছে।