রবিবার, জুন ২১, ২০২৬

নতুন পদ্ধতিতে প্রকাশ করা হবে হাইকোর্টের কজলিস্ট

সোনার দেশ ডেস্ক ০৩ জানুয়ারি ২০২৬ ১২:১৬ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ০৩ জানুয়ারি ২০২৬ ১২:১৬ অপরাহ্ন
নতুন পদ্ধতিতে প্রকাশ করা হবে হাইকোর্টের কজলিস্ট
ফাইল ছবি

নতুন পদ্ধতিতে হাইকোর্ট বিভাগে দৈনিক কার্যতালিকা (কজলিস্ট) প্রকাশ করা হবে। এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকীর সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হাইকোর্ট বিভাগের একক বেঞ্চ ও ডিভিশন বেঞ্চে প্রতিদিন মোট ২ হাজার ৪৪০টি দৈনিক কার্যতালিকা মুদ্রণ ও বাঁধাই করে বিচারপতিদের কোর্ট ও চেম্বার, অ্যাটর্নি জেনারেল অফিস, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্য, সলিসিটর অফিস এবং বিভিন্ন শাখায় সরবরাহ করা হয়।

মুদ্রণ করা দৈনিক কার্যতালিকার পৃষ্ঠাসংখ্যা ৩০০–৩৫০ পৃষ্ঠা থেকে বেড়ে ৫০০–৫৫০ পৃষ্ঠায় বৃদ্ধির কারণে গভর্নমেন্ট প্রিন্টিং প্রেসে কাজের ভলিউম বৃদ্ধি পেয়েছে এবং গভর্নমেন্ট প্রিন্টিং প্রেসে জনবল সংকটের কারণে সময়মতো কজলিস্ট প্রস্তুত করতে নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় মর্মে গভর্নমেন্ট প্রিন্টিং প্রেস কর্তৃপক্ষ হতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দৈনিক কজলিস্ট প্রতি মাসের প্রথম কার্যদিবসে পূর্ণাঙ্গ লিস্ট এবং মাসের অন্যান্য কার্যদিবসে আংশিক লিস্ট করা হলে তা সহজে বহণযোগ্য ও ব্যবহারযোগ্য হওয়ার পাশাপাশি কাগজের ব্যবহার কমবে এবং সরকারের আর্থিক ব্যয় হ্রাস পাবে।

এমতাবস্থায়, হাইকোর্ট বিভাগের দৈনিক কার্যতালিকা প্রতি মাসের প্রথম কার্যদিবসে পূর্ণাঙ্গ লিস্ট এবং মাসের অন্যান্য কার্যদিবসে আংশিক লিস্ট (সর্বোচ্চ দুই পাতা) প্রকাশ করা হবে।

প্রধান বিচারপতির অনুমোদন নিয়ে ৩০ ডিসেম্বর এই বিজ্ঞপ্তি প্রচার করা হয়েছে।

তথ্যসূত্র: বাংলানিউজ