পোস্টাল ভোটের ছবি শেয়ার করলেই শাস্তি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার পর পোস্টাল ব্যালটের ছবি বা ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার করা ‘দণ্ডনীয় অপরাধ’, এর জন্য জাতীয় পরিচয়পত্র (এনআইডি) স্থগিত করা হতে পারে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
শনিবার (৩ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এছাড়াও এর জন্য আইনি ব্যবস্থা গ্রহণ করা হতে পারে।
এর মাধ্যমে ‘পোস্টাল ভোটের গোপনীয়তা রক্ষা করা ভোটারের দায়িত্ব’, এই কথা ফের স্মরণ করিয়ে দিয়েছে কমিশন।
১২ ফেব্রুয়ারি ভোটের দিন ঠিক করে তফসিল ঘোষণার এক সপ্তাহের মধ্যে নির্বাচন কমিশন নিবন্ধিত ভোটারদের পোস্টাল ব্যালট পাঠানো শুরু করেছে। ধাপে ধাপে ব্যালট ভোটারদের কাছে পৌঁছাচ্ছে। অনেকের ঠিকানায় ইতোমধ্যেই পৌঁছেছে এবং কেউ কেউ তার ছবি সামাজিক মাধ্যমে শেয়ারও করছেন।
২১ জানুয়ারি প্রতীক বরাদ্দের পরই, যাঁরা নির্বাচনে অংশ নিচ্ছেন, তাঁরা নিজের আসনের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন এবং পরদিন থেকেই ফিরতি ডাক পাঠানো যাবে। ব্যালট দ্রুত সময়ের মধ্যে ভোট দিয়ে ফেরত পাঠাতে হবে; সময়মতো পৌঁছানো না হলে ব্যালট গণনায় নেওয়া হবে না।
ব্যালটে নৌকা ছাড়া নিবন্ধিত সব দল ও স্বতন্ত্র মিলিয়ে ১১৮টি প্রতীক থাকবে। এছাড়া ‘না’ ভোটের চিহ্ন থাকবে ব্যালটপেপারে।
নির্বাচন কমিশন সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টাল ভোটের কোনো ধরনের পোস্ট বা শেয়ার থেকে বিরত থাকার জন্য ভোটারদের অনুরোধ জানিয়েছে।