সুন্দরবনে রিসোর্ট মালিক, পর্যটকসহ তিনজনকে অপহরণ
খুলনার দাকোপ উপজেলায় সুন্দরবনের একটি রিসোর্টের মালিক ও দুই পর্যটককে অপহরণ করেছে বনদস্যুরা।
দাকোপ থানার ওসি মো. আতিকুর রহমান শনিবার রাতে বলেন, সুন্দরবন পূর্ব বনবিভাগের চাঁদপাই রেঞ্জের ঢাংমারী স্টেশনের ঘাগরামারী টহল ফাঁড়ি সংলগ্ন কেনুয়ার খাল থেকে শুক্রবার তাদের অপহরণ করা হয়।
অপহৃতরা হলেন- গোলকানন রিসোর্টের মালিক শ্রীপতি বাছাড় এবং পর্যটক মো. সোহেল ও জনি।
পুলিশ জানায়, মোট ছয়জন একটি ডিঙি নৌকায় করে শুক্রবার দুপুরে ভ্রমণের জন্য সুন্দরবনের খালে প্রবেশ করেন। কিছু পরেই একটি বনদস্যু দল তাদের আটক করে। তাদের মধ্যে দুই নারী পর্যটক এবং রিসোর্টের একজন কর্মচারীকে মারধর করে ছেড়ে দেওয়া হয়েছে।
বাকি তিনজনকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে। তাদের জন্য মুক্তিপণ দাবি করা হচ্ছে। থানা, নৌ পুলিশ ও কোস্ট গার্ড তাদের উদ্ধারে যৌথ অভিযান পরিচালনা করছে।
তথ্যসূত্র: বিডিনিউজ