মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

একই দিন সংসদ নির্বাচন ও গণভোটের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

সোনার দেশ ডেস্ক ০৫ জানুয়ারি ২০২৬ ১২:২৪ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ০৫ জানুয়ারি ২০২৬ ১২:২৪ অপরাহ্ন
একই দিন সংসদ নির্বাচন ও গণভোটের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

আগামী ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠানের জন্য ঘোষিত তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করা হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) এ রিটের কথা জানান রিটকারী আইনজীবী মো. ইউনুস আলী আকন্দ।

এর আগে জাতির উদ্দেশে ভাষণের মাধ্যমে গত ১১ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তফসিল অনুযায়ী আগামী ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দেশের ৩০০ আসনে জাতীয় সংসদের সাধারণ নির্বাচন এবং একই সঙ্গে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ-২০২৫ এর ওপর গণভোট হবে।

নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ছিল ২৯ ডিসেম্বর। ৩০ ডিসেম্বর মঙ্গলবার থেকে ৪ জানুয়ারি রোববার পর্যন্ত মনোনয়ন যাচাই-বাছাই সম্পন্ন হয়। রিটার্নিং অফিসারের আদেশের বিরুদ্ধে কমিশনে আপিল দায়েরের শেষ তারিখ ১১ জানুয়ারি রোববার পর্যন্ত। কমিশনের করা আপিল নিষ্পত্তি করা হবে ১২ জানুয়ারি সোমবার থেকে ১৮ জানুয়ারি রোববার পর্যন্ত।

প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি মঙ্গলবার। রিটার্নিং অফিসাররা প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেবেন ২১ জানুয়ারি বুধবার। 

সিইসি জানান, নির্বাচনী প্রচারণা চলবে আগামী ২২ জানুয়ারি বৃহস্পতিবার থেকে ভোট গ্রহণের ৪৮ ঘণ্টা আগ পর্যন্ত- অর্থাৎ ১০ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল সাড়ে ৭টা পর্যন্ত। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি।


তথ্যসূত্র: বাংলানিউজ