মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

রমজানে স্কুল বন্ধ রাখতে আইনি নোটিশ

সোনার দেশ ০৫ জানুয়ারি ২০২৬ ১০:৩২ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ০৫ জানুয়ারি ২০২৬ ১০:৩২ অপরাহ্ন
রমজানে স্কুল বন্ধ রাখতে আইনি নোটিশ

পবিত্র রমজানে স্কুল বন্ধ রাখতে সরকারকে আইনি নোটিশ দিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। সোমবার (৫ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের সচিব এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবকে এই নোটিশ পাঠান আইনজীবী মো. ইলিয়াছ আলী মণ্ডল।


নোটিশে বলা হয়, বাংলাদেশের অধিকাংশ নাগরিক মুসলমান। বাংলাদেশ স্বাধীনতার পর থেকে রমজান মাসে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকে-এটি আইন, প্রথা ও নীতি হিসেবে প্রচলিত।


সেই অনুযায়ী সব শিক্ষাপ্রতিষ্ঠান রমজান মাসে বন্ধ থাকে। সংবিধানের ৩১ অনুচ্ছেদে বলা হয়েছে, আইন ছাড়া কিছুই করা যাবে না। অনুচ্ছেদ ১৫২(১) অনুযায়ী আইন অর্থ বাংলাদেশে আইনের ক্ষমতা সম্পন্ন যেকোনো প্রথা ও রীতি। তাই প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় রমজান মাসে খোলা রাখার সরকারের সিদ্ধান্ত অসাংবিধানিক।


নোটিশে আরও বলা হয়, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের কোমলমতি শিশু-কিশোররা সারাদিন স্কুলে যাতায়াত ও ক্লাস করে ক্লান্ত হয়ে পড়ে। এতে তারা রোজা রাখতে কষ্টের সম্মুখীন হয় এবং রোজা রাখার অভ্যাস থেকে দূরে সরে যাওয়ার ঝুঁকি তৈরি হয়, যা ধর্মীয় আচার পালনের অন্তরায়। এ ছাড়া রমজান মাসে স্কুল চালু রাখলে শহরগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়, ফলে নগরবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হয়-যা কারও কাম্য নয়।


তাই রমজান মাসে স্কুল বন্ধ রাখার অনুরোধ জানানো হয়। অন্যথায় হাইকোর্টে রিট করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

তথ্যসূত্র: বাংলানিউজ