মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

৩০ লাখ টাকা মুক্তিপণের দাবিতে ব্যবসায়ীর ছেলেকে অপহরণ

সোনার দেশ ডেস্ক ০৭ জানুয়ারি ২০২৬ ১১:৫২ পূর্বাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ০৭ জানুয়ারি ২০২৬ ১১:৫২ পূর্বাহ্ন
৩০ লাখ টাকা মুক্তিপণের দাবিতে ব্যবসায়ীর ছেলেকে অপহরণ

৩০ লাখ টাকা মুক্তিপণের দাবিতে মেহেরপুরের মুজিবনগর উপজেলায় এক কীটনাশক ব্যবসায়ীর ছেলেকে অপহরণের ঘটনা ঘটেছে। ভুক্তভোগী পরিবার সূত্রে এই তথ্য জানা গেছে।

অপহৃত যুবকের নাম মাহিদ হোসেন। তিনি মুজিবনগর উপজেলার মহাজনপুর ইউনিয়নের বাবুপুর গ্রামের বাসিন্দা আমির উদ্দিনের ছেলে।

মঙ্গলবার (০৬ জানুয়ারি) রাত ৯টার দিকে এ অপহরণের ঘটনা ঘটে। 

পরিবারের সদস্যরা জানান, মাহিদ তার দুই বন্ধু একই গ্রামের আজিজুলের ছেলে রিয়াদ  ও ইলিয়াসের ছেলে জুনায়েদকে সঙ্গে নিয়ে কোমরপুর বাজার থেকে নিজ গ্রাম বাবুপুরে যাচ্ছিলেন। 

কোমরপুরের মশিউর রহমানের ইটভাটার কাছে পৌঁছালে অজ্ঞাত কয়েকজন দুষ্কৃতিকারী তাদের পথরোধ করে তিনজনকে অপহরণ করে পাশের একটি মাঠের ভেতরে নিয়ে যায়। 

পরে রিয়াদ ও জুনায়েদকে ছেড়ে দিলেও মাহিদকে সঙ্গে নিয়ে যায় তারা।

অপহরণকারী পরিবারকে ত্রিশ লাখ টাকা দিয়ে মাহিদকে ছাড়ানোর জন্য বলে।

ঘটনার পর থেকেই মাহিদের পরিবার চরম উৎকণ্ঠা ও আতঙ্কের মধ্যে রয়েছেন।

এ ঘটনায় মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

তিনি জানান, অপহৃত যুবককে উদ্ধারে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় সব আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

তথ্যসূত্র: বাংলানিউজ