ব্রাহ্মণবাড়িয়া-১: নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা একরামুজ্জামানের
ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসন থেকে প্রার্থীতা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী সৈয়দ এ কে একরামুজ্জামান। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) এক ভিডিও বার্তায় তিনি এই ঘোষণা দেন।
ভিডিও বার্তায় এ কে একরামুজ্জামান জানান, ২০০৪ সাল থেকে ২০ বছরেরও বেশি সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির পতাকাতলে ছিলেন। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সম্মানে এবং তারেক রহমানের নির্দেশনায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসন থেকে প্রার্থীতা প্রত্যাহারের ঘোষণা দেন তিনি। এ সময় তিনি যে কোনো পরিস্থিতিতে সকলের পাশে থাকতে দোয়া চান।
গত ২ জানুয়ারি যাচাই-বাছাই শেষে এ.কে একরামুজ্জামানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।
স্থানীয় সূত্র জানায়, সৈয়দ এ কে একরামুজ্জামান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ছিলেন। দলীয় সিদ্ধান্ত অমান্য করে ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়। ওই নির্বাচনে জয়ী হওয়ার পর তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগে যোগ দেন।
২০২৪ সালের ১৩ ফেব্রুয়ারি ঢাকার বোট ক্লাবে তৎকালীন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরীর উপস্থিতিতে এক অনুষ্ঠানে তিনি আওয়ামী লীগে যোগ দেন।
সৈয়দ এ কে একরামুজ্জামানের দাবি তিনি আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে পদত্যাগ পত্র জমা দিয়েছেন। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে তার বিরুদ্ধে ৭টি মামলা হয়, যেগুলো এখনো চলমান।
তথ্যসূত্র: রাইজিংবিডি