রবিবার, জুন ২১, ২০২৬

আহসানউল্লাহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাবেক ছাত্রদল নেতার লাশ উদ্ধার ঈশ্বরদীতে

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি ১২ জানুয়ারি ২০২৬ ০১:৪৬ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি ১২ জানুয়ারি ২০২৬ ০১:৪৬ অপরাহ্ন
আহসানউল্লাহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাবেক ছাত্রদল নেতার লাশ উদ্ধার ঈশ্বরদীতে

রাজধানীর খিলগাঁও এলাকার সাবেক ছাত্রদল নেতা ফসিউল আলম অনিক (৩০) এর লাশ রোববার সন্ধ্যায় পাবনার ঈশ্বরদীতে উদ্ধার করা হয়েছে। অনিক উপজেলার সাহাপুর ইউনিয়নের দিয়াড় সাহাপুর গ্রামের মহিদুল ইসলাম রানার ছেলে। তিনি ঢাকার আহসানউল্ল¬াহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন এবং ঢাকা মহানগরের খিলগাঁও থানা ছাত্রদলের ৯ নং ওয়ার্ড শাখার সহসভাপতি ছিলেন। বিষয়টি নিশ্চিত করেন ঈশ্বরদী উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তানবীর হাসান সুমন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পড়াশোনার সুবাদে রাজধানীতে অবস্থান করলেও সম্প্রতি অনিক নিজ গ্রামের পার্শ্ববর্তী রুহুল আমিনের বাড়িতে একটি কক্ষ ভাড়া নিয়ে বসবাস করছিলেন। রোববার সন্ধ্যায় দীর্ঘ সময় ধরে তার কক্ষ বন্ধ এবং কোনো সাড়া না পেয়ে স্থানীয়রা বিষয়টি পুলিশকে অবহিত করেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে। পুলিশ জানায়, অনিকের বিরুদ্ধে হত্যা মামলাসহ থানায় ৪টি মামলা রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, লাশ উদ্ধারের সময় দেখা যায় অনিকের ডান পা খাটের ওপর রাখা এবং বাম পা মেঝেতে স্পর্শ করা অবস্থায় ছিল। তবে কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ থাকা, সিলিংয়ের চাটাই ফাঁক থাকা ও মরদেহের অবস্থান প্রত্যক্ষ করে এ মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে মৃত্যুর সঠিক কারণ নির্ধারণ করা সম্ভব হয়নি। লাশটি ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুুতি চলছে।

ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ বিষয়ে ঈশ্বরদী থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে উল্লেখ করে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।