নিয়ামতপুরে গ্রাম পুলিশের সহায়তায় হারানো ব্যক্তিকে খুঁজে পেল তার পরিবার
বাড়ি থেকে নিখোঁজ হওয়ার দু’দিন পর গ্রাম পুলিশের সহায়তায় রশিদ চঁড়ে (৬০) নামের এক বৃদ্ধকে খুজে পেয়েছে তার পরিবার। এমন খবর এলাকায় ছড়িয়ে পড়লে প্রশংসায় ভাসছেন গ্রাম পুলিশ সাহেব বাবু
গত রবিবার (১১ জানুয়ারি) সকালে উপজেলার ভাবিচা ইউনিয়নের জাবড়ীপাড়া গ্রাম থেকে উধাও হোন রশিদ চঁড়ে।
রশিদ চঁড়ের ছেলে পলাশ চঁড়ে বলেন, তাঁর বাবা গত কয়েকদিন আগে অসুস্থ বোধ করায় উপজেলা সদরে একজন চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। চিকিৎসক ওষুধ লিখে দিয়ে বাড়িতে বিশ্রাম নিতে বলেন। কিন্তু রবিবার সকালে তাঁকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। ভাবিচা ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ সাহেব বাবু বিষয়টি জানার পর নিজ উদ্যোগে খোঁজাখুঁজি শুরু করেন। আজ তাঁকে উদ্ধার করে আমাদের বাড়িতে এসে পোঁছে দেন। তাঁর এ অবদান আমরা কোনদিন ভুলবো না।
গ্রাম পুলিশ সাহেব বাবু বলেন,’আমি নিখোঁজ হওয়ার খবরটা পেয়ে একরকম নিজের আগ্রহে রশিদের বাড়িতে গিয়ে শোনার বিষয়টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও উপজেলার সব গ্রাম পুলিশকে অবহিত করি। নিজেও মোটরসাইকেল নিয়ে বিভিন্ন এলাকায় খুঁজতে থাকি।
অবশেষে মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে এক গ্রাম পুলিশের মারফত খবর পেয়ে উপজেলার আড্ডা এলাকায় তাঁকে খুঁজে পাই। সেখান থেকে উদ্ধার করে পরিবারের কাছে পৌঁছে দেয়।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুর্শিদা খাতুন বলেন, একজন গ্রাম পুলিশের সহযোগিতায় ও প্রচেষ্টায় হারানো ব্যক্তিকে খুঁজে পেয়েছে তার পরিবার, সেটা অবশ্যই প্রশংসার দাবিদার। তিনি তাঁর কর্তব্য পালন করেছেন।এভাবে একে অপরের বিপদে নিঃস্বার্থভাবে এগিয়ে আসার আহবান জানান তিনি।