নোয়াখালীতে ৬ মামলার আসামিকে পিটিয়ে হত্যা
নোয়াখালীর কবিরহাট উপজেলায় আধা ডজন মামলার এক আসামিকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
নরোত্তমপুর ইউনিয়নের কালিরহাট বাজার সংলগ্ন কাজী বাড়ির সামনে শনিবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে বলে কবিরহাট থানার ওসি মো. নিজাম উদ্দিন ভূঁঞা জানান।
নিহত ৩৫ বছর বয়সী মিজানুর রহমান রনি কবিরহাট পৌরসভার জৈনদপুর এলাকার মো. শহীদের ছেলে। তিনি দুই সন্তানের জনক ছিলেন।
রোববার সকালে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা বলছে, মিজানুরের বিরুদ্ধে চুরি ও ডাকাতিসহ অন্তত ছয়টি মামলা রয়েছে।
প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা গেছে, কয়েকজন মিজানুরকে আটক করে লাঠি ও লোহার পাইপ দিয়ে মুখ ও মাথায় এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে মরদেহ সড়কে ফেলে রাখা হয়।
ওসি নিজাম উদ্দিন ভূঁঞা বলেন, “পুলিশ ঘটনাস্থল থেকে রক্তমাখা লাঠি ও লোহার পাইপ উদ্ধার করেছে। নিহতের পকেটে একটি খেলনা পিস্তল ও ‘টিপ ছুরি’ পাওয়া গেছে।”
এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন এ পুলিশ কর্মকর্তা।
তথ্যসূত্র: বিডিনিউজ