আবারও নাটোর আদালত প্রাঙ্গণে বাদি ও বিবাদির সংঘর্ষ আটক ৩
নাটোর আদালত চত্তরে আবারও জমিজমা সংক্রান্ত একটি মামলার শুনানিতে বাদি ও বিবাদির পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে। সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে নাটোর আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন, বাদিপক্ষের নাটোর সদর উপজেলার গৌরিপুর (হয়বতপুর) এলাকার মিজানুর রহমানের ছেলে মিদুল (৩৮), শহরের কান্দিভিটা এলাকার মৃত বাদশা খানের ছেলে জনি খান (২৪) এবং বিবাদী পক্ষের লালপুর উপজেলার রামানন্দপুর এলাকার লোকমান সরকারের ছেলে রানা (৪০)।
এর আগেও ২০২৪ সালে ১৪ মার্চ পূর্ব বিরোধের জেরে আদালত চত্বরে বিচারপ্রার্থীর ওপর হামলা ও অস্ত্র উদ্ধারের ঘটনা ঘটে ছিল। ওই সময় যুবলীগের পাঁচ কর্মী সন্ত্রাসী কায়দায় রাতুল নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে বাম হাতের পেশিতে কুপিয়ে জখম করা হয়।
ওই সময় তাদের কাছ থেকে একটি চাইনিজ কুড়াল, চারটি ধারালো দেশীয় অস্ত্র, পিস্তলের চার রাউন্ড গুলি এবং তিনটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল উদ্ধার করা হয়ে ছিলো। আদালত চত্তরে একের পর এসব ঘটনায় বিচার প্রার্থী, আসামী ও সাধারণ জনগণের মধ্যে উদ্বেগ ও উৎকন্ঠা বারছে।
এদিকে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নাটোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ২০২৫ সালে মে মাসে শহরের কান্দিভিটুয়া মহল্লার জামিলুর রহমান খান বাদী হয়ে ১৪৪-৪৫ ধারায় ১২ জনকে আসামি করে একটি মামলা দায়ের করে।
সোমবার জমিজমা সংক্রান্ত ওই মামলার শুনানিতে আদালত আসেন মামলার বাদি ও বিবাদিপক্ষের লোকজন। এদিন দুপুরে আদালতে শুনানি শেষে বাড়ি ফেরার পথে আদালত প্রাঙ্গণে দু-পক্ষের মধ্যে প্রথমে তর্ক-বির্তক শুরু হয়। এক পর্যায়ে উভয়পক্ষের ৮/১০ জন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এসময় ধাওয়া-পাল্টা ধাওয়ায় রূপ নেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি স্বাভাবিক করেন। এসময় তিনজনকে আটক করে পুলিশ।
নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ইফতে খায়ের আলম বলেন, উভয়পক্ষের আদালতে শুনানির তারিখ ছিল। শুনানি শেষে আদালতের বাইরে দুইপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ ঘটনায় পুলিশ তিনজকে আটক করেছে।