চাঁপাইয়ে মালগাড়ি লাইনচ্যুত, সাড়ে ৮ ঘণ্টা পর উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জের আমনুরা স্টেশন এলাকায় শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে একটি তেলবাহী মালগাড়ি লাইনচ্যুত হওয়ায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। দীর্ঘ আট ঘণ্টা ৩৫ মিনিট পর উদ্ধার কাজ শেষ হলে রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
আমনুরা স্টেশনের স্টেশন মাস্টার হাসিবুল ইসলাম জানান, দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে খুলনা থেকে আমনুরা বিদ্যুৎ পাওয়ার প্লান্টের উদ্দেশ্যে যাত্রা করা একটি তেলবাহী মালগাড়ি আমনুরা স্টেশন এলাকায় লাইনচ্যুত হয়। ৩০টি তেলবাহী ওয়াগন নিয়ে যাত্রা করা এ ট্রেনটির দুটি ওয়াগন রেললাইন থেকে বিচ্যুত হয়ে পড়ে।
তিনি আরও বলেন, রেল লাইনচ্যুতের বিষয়টি যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করার পর রেলওয়ে কর্তৃপক্ষ উদ্ধার কাজ শুরু করে। লাইনচ্যুত ওয়াগন দুটি পুনরায় লাইনে তোলার জন্য বিশেষ যন্ত্রপাতি ও কারিগরি দল মোতায়েন করা হয় এবং দীর্ঘ আট ঘণ্টা ৩৫ মিনিট পর উদ্ধার কাজ সম্পন্ন হয়ে রেল চলাচল স্বাভাবিক হয়।
উল্লেখ্য, শনিবার (২৪ জানুয়ারি) দুপুর ১২টা ৪৫ মিনিটে খুলনা থেকে আমনুরা বিদ্যুৎ পাওয়ার প্ল্যান্টের উদ্দেশে যাত্রা করা একটি তেলবাহী মালগাড়ি আমনুরা স্টেশন এলাকায় লাইনচ্যুত হয়। এতে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। লাইনচ্যুত মালগাড়ির কারণে আটকে পড়া শতাধিক যাত্রী বিকল্প পথে তাদের গন্তব্যে যান।