শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুলের ১৬তম শিরোপা অর্জন
৫৪তম জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতায় হকিতে ইতিহাস গড়েছে রাজশাহী শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজ। রেকর্ড ১৬তম শিরোপা অর্জন করেছে। রানার্সআপ হয়েছে চট্টগ্রাম মিউনিসিপ্যাল স্কুল।
দিনাজপুরে অনুষ্ঠিত ৫৪তম জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬-এ হকিতে আবারও নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজ। দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে টুর্নামেন্টে শতভাগ জয় নিশ্চিত করে প্রতিষ্ঠানটি অর্জন করেছে তাদের রেকর্ড ১৬তম জাতীয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব-যা স্কুল পর্যায়ের হকি ইতিহাসে এক অনন্য মাইলফলক।
চাঁপা অঞ্চল (রাজশাহী, রংপুর ও দিনাজপুর) এর প্রতিনিধি হিসেবে মাঠে নেমে রাজশাহী পুলিশ লাইনস্ স্কুল শুরু থেকেই ছিল অপ্রতিরোধ্য। গ্রুপ পর্বে তিনটি ম্যাচেই জয় তুলে নিয়ে তারা সর্বোচ্চ ৯ পয়েন্ট অর্জন করে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
অন্যদিকে, বকুল অঞ্চল (চট্টগ্রাম) এর প্রতিনিধি চট্টগ্রাম মিউনিসিপ্যাল স্কুল অ্যান্ড কলেজ হকিতে প্রশংসনীয় লড়াই উপহার দেয়। গ্রুপের শেষ ম্যাচে তারা রাজশাহী শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজের কাছে পরাজিত হলেও তিন ম্যাচে ২টি জয় ও ১টি পরাজয়ে ৬ পয়েন্ট অর্জন করে টেবিলের দ্বিতীয় স্থানে থেকে রানার্সআপ হওয়ার কৃতিত্ব অর্জন করে। হকিতে তাদের এই সাফল্য চট্টগ্রাম অঞ্চলের ক্রীড়াঙ্গনে নতুন আশার সঞ্চার করেছে।
উল্লেখ্য, শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজের এই চ্যাম্পিয়ন হওয়ার ধারা নতুন নয়। ২০০৩ সালে প্রথম জাতীয় শিরোপা জয়ের পর ২০০৫ থেকে ২০১০ সাল পর্যন্ত টানা ছয়বার, পরবর্তীতে বিভিন্ন বছরে ধারাবাহিক সাফল্যের মধ্য দিয়ে ২০২৬ সালে এসে তারা ১৬ বারের মতো জাতীয় চ্যাম্পিয়ন হলো। পাশাপাশি ২০১১ ও ২০১৭ সালে রানার্সআপ হওয়ার কৃতিত্বও রয়েছে প্রতিষ্ঠানটির ঝুলিতে।