রবিবার, জুন ২১, ২০২৬

রূপপুর প্রকল্পে ‘সেফটি সিস্টেম টেস্ট’ ফুয়েল লোডিং পূর্ববর্তী চূড়ান্ত নিরাপত্তা যাচাই সম্পন্ন

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:৫১ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:৫১ অপরাহ্ন
রূপপুর প্রকল্পে ‘সেফটি সিস্টেম টেস্ট’ ফুয়েল লোডিং পূর্ববর্তী চূড়ান্ত নিরাপত্তা যাচাই সম্পন্ন

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কমপ্রিহেনসিভ সেফটি সিস্টেম টেস্ট সফলভাবে সম্পন্ন হয়েছে। এই পরীক্ষার মাধ্যমে প্রকল্পের প্রথম ইউনিটে পারমাণবিক জ্বালানি (ফুয়েল) লোডিংয়ের পূর্ববর্তী চূড়ান্ত নিরাপত্তা প্রস্তুতি যাচাই করা হলো।


এই পরীক্ষার আওতায় রি-অ্যাক্টর বিল্ডিংয়ের কনটেইনমেন্ট ইন্টিগ্রিটি, অভ্যন্তরীণ বন্যা নিয়ন্ত্রণ, ফুয়েল পুল সেফটি এবং সম্পূর্ণ স্বয়ংক্রিয় সেফটি সিস্টেমগুলোর নকশাভিত্তিক ও এক্সটেন্ডেড কন্ডিশনে কর্মক্ষমতা সফলভাবে যাচাই করা হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল)-এর ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাসান এ তথ্য নিশ্চিত করেন।


কনটেইনমেন্ট ও ওয়াটার ব্যারিয়ার নীতি প্রসঙ্গে ড. জাহেদুল হাসান বলেন, এই পরীক্ষার মূল কারিগরি নীতিমালা ছিল পূর্ণ কনটেইনমেন্ট ও হাইড্রোলিক আইসোলেশন নিশ্চিতকরণ। পরীক্ষাকালীন উচ্চ প্রবাহ হার ও দীর্ঘমেয়াদি স্প্রিংকলার অপারেশনের ফলে সৃষ্ট পানি-কনটেইনমেন্টের অভ্যন্তরীণ সুরক্ষিত জোনে অনুপ্রবেশ করতে পারবে না, এবং কনটেইনমেন্টের ভেতরে সঞ্চিত পানি কোনোভাবেই বাহ্যিক পরিবেশে নির্গত হবে না- এই দুইটি শর্ত কঠোরভাবে পর্যবেক্ষণ ও যাচাই করা হয়। এর মাধ্যমে কনটেইনমেন্ট ওয়াল, সিলিং জয়েন্ট, পেনিট্রেশন পয়েন্ট, ড্রেনেজ আইসোলেশন ও ওয়াটার-টাইট ব্যারিয়ার সিস্টেমের কার্যকারিতা নিশ্চিত করা হয়েছে।


স্প্রিংকলার সিস্টেম ও ইন্টারনাল ফ্লাডিং টেস্ট বিষয়ে প্রকল্প সংশ্লিষ্টরা জানান, রি-অ্যাক্টর হলের শীর্ষে স্থাপিত স্প্রিংকলার সিস্টেম ডিজাইন ফ্লোরেট ও নির্ধারিত চাপে টানা ১২ ঘণ্টা পরিচালিত হয়। এর ফলে নিয়ন্ত্রিত অভ্যন্তরীণ প্লাবন সৃষ্টি করা হয়, যা এক্সট্রিম অ্যাক্সিডেন্ট ও ফায়ার সাপ্রেশন কন্ডিশনের বাস্তবসম্মত অনুকরণ। এই পরীক্ষার মাধ্যমে দীর্ঘসময় ধরে সিস্টেমের যান্ত্রিক স্থায়িত্ব, নোজল পারফরম্যান্স, পাইপিং স্ট্রেস এবং সাপোর্ট স্ট্রাকচারের আচরণ বিশ্লেষণ করা হয়।


ফুয়েল পুল সেফটি সিস্টেম যাচাই সম্পর্কে জানতে চাইলে এমডি ড. জাহেদুল বলেন, কমপ্রিহেনসিভ টেস্টে স্পেন্ট ফুয়েল পুল সেফটি সিস্টেম-এর একাধিক গুরুত্বপূর্ণ কারিগরি প্যারামিটার পর্যবেক্ষণ করা হয়। এর মধ্যে ফুয়েল পুলের পানির স্তর নিয়ন্ত্রণ, তাপমাত্রা সীমা, তাপ অপসারণ ক্ষমতা এবং কুলিং সিস্টেমের ধারাবাহিক অপারেশন অন্তর্ভুক্ত ছিল। পরীক্ষায় নিশ্চিত করা হয় যে, অভ্যন্তরীণ বন্যা পরিস্থিতিতেও ফুয়েল পুল নিরাপদ অপারেশনাল সীমার মধ্যে থাকবে বলে জানান তিনি।


স্বয়ংক্রিয় সেফটি সিস্টেম ও কন্ট্রোল লজিক বিষয়ে জানা যায়, এই পরীক্ষার একটি গুরুত্বপূর্ণ কারিগরি দিক ছিল সম্পূর্ণ স্বয়ংক্রিয় সেফটি ও কন্ট্রোল সিস্টেমের কার্যকারিতা যাচাই। সেন্সর-ভিত্তিক সিগন্যাল অনুযায়ী কোনো মানব হস্তক্ষেপ ছাড়াই স্প্রিংকলার অ্যাকচুয়েশন, ভালভ অপারেশন, অ্যালার্ম, ইন্টারলক ও মনিটরিং সিস্টেম পূর্বনির্ধারিত কন্ট্রোল লজিক অনুসারে সক্রিয় হয়। এর মাধ্যমে রিডানডেন্সি, ডাইভারসিটি ও ফল্ট-টলারেন্স নীতির সফল বাস্তবায়ন নিশ্চিত করা হয়েছে।