রবিবার, ফেব্রুয়ারি ১৫, ২০২৬

রাজশাহী-৪ আসনে জামানত হারালেন দুই প্রার্থী

বাগমারা (রাজশাহী) প্রতিনিধি ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ১০:২৭ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
বাগমারা (রাজশাহী) প্রতিনিধি ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ১০:২৭ অপরাহ্ন
রাজশাহী-৪ আসনে জামানত হারালেন দুই প্রার্থী

রাজশাহী-৪ (বাগমারা) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্দিষ্ট সংখ্যক ভোট না পাওয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশ এর হাতপাখা প্রতীকের প্রার্থী তাজুল ইসলাম খান এবং জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী ফজলুল হক তাদের জামানত হারালেন। মোট ভোটের নূন্যতম ১২ দশমিক ৫ শতাংশ ভোট না পাওয়ায় তাদেও জামানত বাজেয়াপ্ত হয়েছে।


সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম জানান, গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) ১৭ এবং ৪১ অনুচ্ছেদ অনুযায়ী, প্রত্যেক প্রার্থীকে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় একটি নির্দিষ্ট পরিমাণ টাকা জমা দিতে হয়। কোনো প্রার্থীকে জামানত রক্ষা করতে হলে মোট ভোটের কমপক্ষে এক-অষ্টমাংশ বা ১২ দশমিক ৫ শতাংশ ভোট পেতে হবে। কিন্ত দুইজন প্রার্থী তা পাননি। 


কম ভোট পাওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত হবে বা সরকারি কোষাগারে জমা হবার নির্দেশনা রয়েছে।


এক্ষেত্রে রাজশাহী-৪ (বাগমারা) আসনে প্রদত্ত মোট বৈধ ভোটের সংখ্যা ২ লাখ ২৭ হাজার ১১৬ ভোট। এর মধ্যে তাজুল ইসলাম খান পেয়েছেন মাত্র ৬৭০ ভোট এবং ফজলুল হক পেয়েছেন ১ হাজার ৭৫৯ ভোট।  এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১৯ হাজার ৯০৯ জন। এ নির্বাচনে প্রদত্ত ভোটের শতকরা হারঃ ৭২.২৭%।


এ আসনে জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডাক্তার আব্দুল বারি সরদার ১ হাজার ৬৫৯ টি পোস্টাল ভোটসহ মোট ১ লাখ ১৫ হাজার ২২৬ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী বিএনপি মনোনীত প্রার্থী ডিএম জিয়াউর রহমান জিয়া ৭৯৭ টি পোস্টাল ভোটসহ মোট পেয়েছেন ১ লাখ ৯ হাজার ৪৬১ ভোট। ৫হাজার ৭৬৫ ভোট বেশী পেয়ে জয়লাভ করেন ডাক্তার আব্দুল বারি সরদার।