রবিবার, জুন ২১, ২০২৬

নগরীতে মোস্তফাকে গুলি করে হত্যার ঘটনায় মামলা

নিজস্ব প্রতিবেদক ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৫৭ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৫৭ অপরাহ্ন
নগরীতে মোস্তফাকে গুলি করে হত্যার ঘটনায় মামলা

পূর্ব শত্রুতার জেরেই রাজশাহী নগরীর ডাঁশমারী এলাকার বাসিন্দা মো. মোস্তফাকে (৫০) গুলি করে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে তার পরিবার। এ নিয়ে সন্দেহভাজন তিনজনের নাম উল্লেখ করে শনিবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতেই নগরীর মতিহার থানায় হত্যা মামলা করা হয়েছে।


মামলায় হাসিবুল ইসলাম (৪২), সিহাবুল ইসলাম (২২) ও মো. উকিল (৫২) নামের তিনজনকে আসামি করা হয়েছে। তারা একই এলাকার বাসিন্দা। 


মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করে জানান, ঘটনার পর রাতেই নিহত মোস্তফার স্ত্রী নাদেরা বেগম বাদী হয়ে থানায় হতা মামলা করেছেন। মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে তিনজনের নাম উল্লেখ করা হয়েছে। তাদের এখনও গ্রেফতার করা যায়নি। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।


এর আগে শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাতে মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় খোঁজাপুর এলাকায় দুর্বৃত্তের গুলিতে মো. মোস্তফা নিহত হন। ঘটনার পর স্থানীয়রা মোস্তফাকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।


নিহত মোস্তফা একটি ময়দার মিলের কর্মচারী ছিলেন। পুলিশ ঘটনাস্থলে একটি তাজা গুলি ও একটি গুলির খোসা উদ্ধার করে। সন্দেহভাজন আসামিদের সঙ্গে ২০২৪ সালে একবার মারামারি হয়েছিল। এই ঘটনার জেরে মোস্তফাকে গুলি করে হত্যা করা হয়েছে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।