ধানমন্ডি ৩২ নম্বরে শ্রদ্ধা জানাতে গিয়ে ঢাবি শিক্ষকসহ আটক ৫
রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করতে গেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ ক ম জামাল উদ্দিনসহ পাঁচ জনকে আটক করেছে পুলিশ।
রবিবার (১৫ ফেব্রুয়ারি) বিকাল পৌনে ৫টার দিকে ধানমন্ডি ৩২ নম্বর সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করে ধানমন্ডি থানায় নিয়ে যাওয়া হয়। আটক হওয়া বাকি চার জনের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।
এর আগে দুপুরে অধ্যাপক আ ক ম জামাল উদ্দিন নিজের ফেসবুক প্রোফাইলে একটি পোস্ট দিয়ে ধানমন্ডি ৩২ নম্বরে যাওয়ার ঘোষণা দেন।
পোস্টে তিনি নিজেকে আওয়ামী লীগ আমলে ‘বঞ্চিত’ দাবি করে লেখেন, “ধানমন্ডি ৩২-এ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভগ্ন বাসভবনে গমন করে অশ্রুপাত ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবো আজ বিকাল ৪টায়। আপনাদের দলে দলে যোগদান করার অনুরোধ করছি।”
আটকের বিষয়ে ধানমন্ডি থানা পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কেউ বিস্তারিত তথ্য দিতে রাজি হননি। তবে রমনা বিভাগের ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) শাহ মোস্তফা তারিকুজ্জামান সাংবাদিকদের বলেন, “এ বিষয়ে আমি কোনও বক্তব্য দিতে পারবো না। তবে তাদের আটক করা হয়নি।”
তথ্যসূত্র: বাংলাট্রিবিউন