রবিবার, অক্টোবর ১৮, ২০২৬

ফ্যামিলি কার্ডের মাধ্যমে তারেক রহমান তালাক বন্ধ করে দিয়েছেন: চিফ হুইপ মনি

সোনার দেশ ডেস্ক ১৭ অক্টোবর ২০২৬ ১০:৫৫ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ১৭ অক্টোবর ২০২৬ ১০:৫৫ অপরাহ্ন
ফ্যামিলি কার্ডের মাধ্যমে তারেক রহমান তালাক বন্ধ করে দিয়েছেন: চিফ হুইপ মনি

ফ্যামিলি কার্ডের মাধ্যমে তারেক রহমান তালাক বন্ধ করে দিয়েছেন বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের সরকারদলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি। তিনি বলেন, একটা সময় কিছু হলেই তালাক দিত। কিন্তু এখন ফ্যামিলি কার্ড আছে। তালাক দিলে আর ফ্যামিলি কার্ড থাকবে না। তাই তালাক দেওয়া বন্ধ হয়ে গেছে। শনিবার (১৭ অক্টোবর) বরগুনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আইনশৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।


তিনি বলেন, দেশের প্রত্যেক নাগরিককে দক্ষ কারিগরি শিক্ষায় শিক্ষিত করা হবে। কেউ বেকার থাকবে না। হাসিনা আদানির সঙ্গে যে চুক্তি করেছিলেন, সেই টাকায় দেশে পাঁচটি বিদ্যুৎকেন্দ্র তৈরি করা যেত। কিন্তু তিনি তা না করে ভারতের আদানি গ্রুপের সঙ্গে চুক্তি করে বিদ্যুৎ কিনেছেন।


জুলাই আন্দোলনে স্নাইপার ব্যবহার নিয়ে তিনি বলেন, শেখ হাসিনা স্নাইপার নিয়ে এসেছিলেন দেশের মানুষ মারার জন্য, এবং সেটাই করেছেন।


তেলের দাম বৃদ্ধি নিয়ে উদাহরণ দিয়ে নুরুল ইসলাম মনি বলেন, বিশ্বের ৮৫টি দেশে একসঙ্গে তেলের দাম বাড়ানো হয়েছে, কিন্তু তারেক রহমান বাড়াননি।


শেখ হাসিনার রেখে যাওয়া ঋণের মধ্যে তারেক রহমান ইতিমধ্যে ২০৫ কোটি ডলার পরিশোধ করেছেন বলেও জানান তিনি।


এ ছাড়া তিনি বলেন, কিছু মানুষ সরকারকে সংকটে ফেলার জন্য কৃত্রিমভাবে তেলের সংকট তৈরি করেছিল, কিন্তু তারা ব্যর্থ হয়েছে।


উল্লেখ্য, এদিন অনুষ্ঠানের আগে চিফ হুইপ নুরুল ইসলাম মনি বরগুনার ডিসি পার্ক এলাকায় খাল খননকাজের উদ্বোধন করেন।


তথ্যসূত্র: রাইজিংবিডি