রবিবার, অক্টোবর ১৮, ২০২৬

সড়ক ও রেল দুর্ঘটনায় ১০ জনের মৃত্যু

সোনার দেশ ডেস্ক ১৭ অক্টোবর ২০২৬ ১০:৫২ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ১৭ অক্টোবর ২০২৬ ১০:৫২ অপরাহ্ন
সড়ক ও রেল দুর্ঘটনায় ১০ জনের মৃত্যু

সড়ক ও রেল দুর্ঘটনায় ১০ দজের মৃত্যু হয়েছে। দেশের চার জেলায় সড়ক দুর্ঘটনায় ৮ জন প্রাণ হারান। এর মধ্যে কুড়িগ্রামে ৫ জন, টাঙ্গাইলে ২ জন এবং সিলেট ও চট্টগ্রামে একজন করে ২ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে খুলনায় ট্রেনের ধাক্কায় ২ জনের মৃত্যু হয়। 


কুড়িগ্রামে ট্রাকচাপায় ইজিবাইকের ৫ যাত্রী নিহত


কুড়িগ্রামের রৌমারীতে ট্রাকচাপায় ইজিবাইকের একই পরিবারের তিনজনসহ ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার (১৭ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলার সিংবের ডাংগী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 


নিহতরা হলেন উপজেলার শৌলমারী ইউনিয়নের চতলাকান্দা এলাকার ও রৌমারী টেকনিক্যাল কলেজের প্রভাষক মো. শহিদুল ইসলামের স্ত্রী লিপি খাতুন (২৬), ছেলে রিশাদ (১২) ও মেয়ে তুবা (৭)। এ ছাড়া একই উপজেলার যাদুরচর ইউনিয়নের কর্তীমারী এলাকার বাদলের স্ত্রী শরীফা বেগম (৪২) ও জামালপুর জেলার কাউনিয়ার চর এলাকার অজ্ঞাত এক অটোচালক। 


টাঙ্গাইলে ত্রিমুখে সংঘর্ষে নিহত ২

টাঙ্গাইলের মির্জাপুরে যাত্রীবাহী বাস, পিকআপ ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।


শনিবার (১৭ অক্টোবর) বিকেলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার জামুর্কী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


নিহতরা হলেন- টাঙ্গাইলের বাসাইল এলাকার মোটরসাইকেল আরোহী আসিফ (১৮) এবং সিরাজগঞ্জের উল্লাপাড়া এলাকার পিকআপের সহকারী আব্দুল রহিম (৪০)।


দুই প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ৩ মাসের শিশুর

সিলেটের জৈন্তাপুরে দুই প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে তিন মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।


শনিবার (১৭ অক্টোবর) দুপুর ১২টা ২০ মিনিটে সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার বিরাইমারা সেতুর পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে।


নিহত আয়াত গোয়াইনঘাট উপজেলার বাসিন্দা হাসানুজ্জামানের ছেলে।


চট্টগ্রামে যুবক নিহত

চট্টগ্রামের ফটিকছড়িতে মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. সজীব (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি একজন কনটেন্ট ক্রিয়েটরের সহযোগী হিসেবে কাজ করতেন। এ ঘটনায় মুহাম্মদ রায়হান নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন।


শনিবার (১৭ অক্টোবর) দুপুর দেড়টার দিকে উপজেলার আজাদী বাজারসংলগ্ন হেয়াকো-গইয়রা সড়কে এ দুর্ঘটনা ঘটে।


নিহত সজীব ফটিকছড়ি উপজেলার রোসাংগিরী ইউনিয়নের মনু বাড়ির মোহাম্মদ রফিকের ছেলে। শনিবার দুপুরে আজাদী বাজার এলাকায় একটি সংবাদ সম্মেলন শেষে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন তারা।


খুলনায় ট্রেনের ধাক্কায় দুজনের মৃত্যু

খুলনার ফুলবাড়ীগেট এলাকায় ট্রেনের ধাক্কায় এক তরুণ ও এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।


শনিবার সকাল ছয়টা থেকে নয়টার মধ্যে আলাদা দুর্ঘটনায় তাদের মৃত্যু হয় বলে জানান খুলনা রেলওয়ে থানার এসআই এসএম রায়হান।


নিহতরা হলেন- ফুলবাড়ীগেটের মীরেরডাঙ্গা এলাকার নুর ইসলামের ছেলে মাহাফুজুল ইসলাম সিয়াম (১৯) এবং খালিশপুরের আলমনগর এলাকার খবীর উদ্দীনের ছেলে জয়নাল আবেদীন (৮৩)।


তথ্যসূত্র: জাগোনিউজ, ঢাকাপোস্ট, বিডিনিউজ