ট্রাকচাপায় প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
শেরপুর-জামালপুর সেতুতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী বাবা-ছেলে মারা গেছেন। এ ঘটনার পর স্থানীয়রা ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখেন।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে শেরপুর-জামালপুর সেতুর দক্ষিণ পাশে সড়কে স্থাপিত পুলিশের চেকপোস্টে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শেরপুর সদর উপজেলার চরমুচারিয়া ইউনিয়নের কেন্দুয়ারচর এলাকার বাসিন্দা দেলোয়ার হোসেন ও তার ছেলে ইসতিয়াক আহম্মেদ। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।
স্থানীয়রা জানান, জুমার নামাজের সময় ওই এলাকায় পুলিশ চেকপোস্টে ডিউটি করছিলেন। এসময় শেরপুরগামী একটি ট্রাককে থামানোর জন্য ইশারা করে পুলিশ। ট্রাকটির পেছনে থাকা একটি মোটরসাইকেল পাশ কাটিয়ে বের হওয়ার চেষ্টা করে। ঠিক তখনই বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই দেলোয়ার হোসেন ও তার ছেলে ইসতিয়াক আহম্মেদের মৃত্যু হয়। তাদের সঙ্গে থাকা এক শিশু অলৌকিকভাবে বেঁচে যায়।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, পুলিশের চেকপোস্টে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের মৃত্যু হয়েছে। তাদের বাড়ি শেরপুর সদর উপজেলার চরমুচারিয়া ইউনিয়নে। ঘটনাস্থল জামালপুর জেলায় পড়েছে বিধায় বিষয়টি জামালপুর সদর থানা পুলিশ দেখছে।
নোয়াখালীতে তেলবাহী ট্রাক দোকানে ঢুকে নিহত ২
নোয়াখালীর কবিরহাটে নিয়ন্ত্রণ হারিয়ে তেলবাহী ট্রাক দোকানে ঢুকে পড়ায় দুইজন নিহত হয়েছেন এবং আরও তিনজন আহত হয়েছেন। তবে তাৎক্ষণিক আহত ও নিহতের নাম পরিচয় পাওয়া যায়নি।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় বিষয়টি নিশ্চিত করেন কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজামুল উদ্দিন ভুঁইয়া। এর আগে সকাল সাড়ে ১০টায় উপজেলার ট্রান্সমিটার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ওসি বলেন, নোয়াখালীর সোনাপুর থেকে কবিরহাট যাওয়ার পথে ট্রান্সমিটার এলাকায় তেলবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একটি দোকানে ঢুকে পড়ে এতে দুইজন নিহত হন। তারপর সড়ক অবরোধ করে এলাকাবাসী। এ বিষয়ে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।
নামাজ শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ইমাম নিহত
কিশোরগঞ্জে ফজরের নামাজ শেষে বাড়ি ফেরার পথে অটোরিকশা উল্টে ক্বারী মাওলানা মোস্তাফিজুর রহমান গোলাম মোস্তফা (৬০) নামে এক ইমামের মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) ভোরে শহরের জজ কোর্টের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত গোলাম মোস্তফা কিশোরগঞ্জ সদর মডেল থানার মসজিদের পেশ ইমাম হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি সদর উপজেলার লতিবাবাদ ইউনিয়নের চরপাড়া গ্রামের বাসিন্দা।
মানিকগঞ্জে পিকআপ-ড্রামট্রাকের সংঘর্ষে নিহত ১
মানিকগঞ্জ সদর উপজেলায় পিকআপ ভ্যান ও ড্রামট্রাকের মুখোমুখি সংঘর্ষে গিয়াস উদ্দিন নামে এক চালক নিহত ও হেলপার আহত হয়েছেন।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে মানিকগঞ্জ–সিংগাইর সড়কের অরঙ্গবাদ টাওয়ার স্টেশন এলাকার অবাক হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. গিয়াস উদ্দিন জেলার সাটুরিয়া উপজেলার উত্তর আয়নাপুর গ্রামের সাহাব আলীর ছেলে। আহত হেলপার মাহবুব হোসেন (১৮) বর্তমানে মানিকগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিংগাইরগামী একটি ড্রামট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপ ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক গিয়াস উদ্দিন ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার বিকট শব্দে আশপাশের লোকজন ছুটে এসে আহত হেলপারকে উদ্ধার করে দ্রুত মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠান।
তথ্যসূত্র: জাগোনিউজ,ঢাকাপোস্ট