রবিবার, জুন ২১, ২০২৬

রোজার মধ্যে সংসদে সংরক্ষিত নারী আসনে ভোট করতে চায় ইসি

সোনার দেশ ডেস্ক ২১ ফেব্রুয়ারি ২০২৬ ১১:২৪ পূর্বাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ২১ ফেব্রুয়ারি ২০২৬ ১১:২৪ পূর্বাহ্ন
রোজার মধ্যে সংসদে সংরক্ষিত নারী আসনে ভোট করতে চায় ইসি

ত্রয়োদশ সংসদের সংরক্ষিত নারী আসনের ভোট রোজার মধ্যে করতে চায় নির্বাচন কমিশন।


নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, নারী সংরক্ষিত আসনের নির্বাচন রোজার মধ্যে করার পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে। ঈদের পরে শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচন করা হবে।


বিদ্যমান আইন অনুযায়ী, ভোটে জয়ী দলগুলোর আসন সংখ্যার অনুপাতে সংসদে নারী আসন বণ্টন করা হয়।


সংসদের সাধারণ আসনে নির্বাচিত সংসদ সদস্যরা সংরক্ষিত আসনের সংসদ সদস্য নির্বাচনে ভোট দিয়ে থাকেন।


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি আসন পেয়েছে ২০৯টি। দলটির শরিক গণঅধিকার পরিষদ, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) ও গণসংহতি আন্দোলন একটি করে আসন পেয়েছে।


অপরদিকে ৬৮টি আসনে জয়ী হয়ে জামায়াতে ইসলামী বসছে বিরোধী দলে। ভোটে তাদের জোটের শরিক এনসিপি ছয়টি, বাংলাদেশ খেলাফত মজলিস দুটি ও খেলাফত মজলিস পেয়েছ একটি আসন।


দুই জোটের বাইরে ইসলামি আন্দোলন বাংলাদেশ আসন পেয়েছে একটি। বাকিরা স্বতন্ত্র হিসেবে জয়ী হয়েছেন।


ভোটের পরদিন ১৩ ফেব্রুয়ারি নির্বাচিতদের গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে সংসদের প্রথম অধিবেশন বসে।


এ হিসাবে নির্বাচন কমিশন সংরক্ষিত ৫০ আসনের ভোট শেষ করতে পারলে প্রথম অধিবেশনেই যোগ দিতে পারবেন নির্বাচিতরা।


কীভাবে সংরক্ষিত আসনে নির্বাচন

সংসদে প্রতিনিধিত্বকারী দল ও স্বতন্ত্র সংসদ সদস্যদের দল ও জোটগত অবস্থান জানাতে প্রথমে চিঠি দেওয়া হবে। এ বিষয়ে কমিশন অবহিত হওয়ার পর ভোটার তালিকা প্রকাশ করা হবে।


এ লক্ষ্যে রিটার্নিং কর্মকর্তা নিয়োগ, ভোটার তালিকা তৈরিসহ প্রাথমিক কাজ গুছিয়ে রাখবে ইসি সচিবালয়। এরপর কমিশন সভায় সিদ্ধান্ত হলে তফসিল দেওয়া হবে।


আগামী সপ্তাহে সার্বিক বিষয় নিয়ে কমিশনে উপস্থাপন করা হতে পারে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন। সেখানে সিদ্ধান্ত এলে তফসিল ঘোষণা করা হবে।


এ নির্বাচনে ভোটের জন্য একটি দিন রাখা হলেও ফল জানা যায় এর আগেই। কেননা সংরক্ষিত নারী আসনের বিপরীতে দল ও জোটগতভাবে সমান সংখ্যক প্রার্থী মনোনয়ন দেওয়া হয়। এজন্য প্রত্যাহারের সময়সীমা পার হওয়ার দিনই তাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করাও হয়ে থাকে।


তথ্যসূত্র: বিডিনিউজ