মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

চরে শিক্ষার্থীর লাশ, সড়ক আটকে বিক্ষোভ

সোনার দেশ ডেস্ক ২১ ফেব্রুয়ারি ২০২৬ ১১:২৭ পূর্বাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ২১ ফেব্রুয়ারি ২০২৬ ১১:২৭ পূর্বাহ্ন
চরে শিক্ষার্থীর লাশ, সড়ক আটকে বিক্ষোভ

ময়মনসিংহে নিখোঁজের দুই দিন পর আনন্দ মোহন কলেজের শিক্ষার্থী নুরুল্লাহ শাওনের (২৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে ময়মনসিংহ নগরীর জয়নুল আবেদীন পার্কের বিপরীত দিকে ব্রহ্মপুত্র নদের চরে তার লাশ পাওয়া যায়।


লাশ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে আনন্দ মোহন কলেজসহ আশপাশের শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা টাউন হল চত্বরে সড়ক অবরোধ করেন। এ সময় শহীদ মিনারে ফুল দিতে আসা কর্মকর্তাদের গাড়ি আটকে দেন তারা।


পুলিশ ও আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে জানা যায়, গত বুধবার বিকালে বন্ধু রিফাতের সঙ্গে ব্রহ্মপুত্রের চরে ঘুরতে যান শাওন। সেখানে তারা ছিনতাইকারীদের কবলে পড়েন। তাদের হাত থেকে রক্ষা পেতে দুই বন্ধু দুই দিকে দৌড় দেন। রিফাত ফিরলেও শাওন নিখোঁজ ছিলেন। এরমধ্যে শুক্রবার রাতে স্থানীয়রা চরে তার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।


অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবদুল্লাহ আল মামুন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছিনতাইকারীদের ধাওয়ায় পানিতে ডুবে শাওনের মৃত্যু হয়েছে।


এদিকে শাওনের মৃত্যুর প্রতিবাদে জেলা প্রশাসন, রেঞ্জ ডিআইজি ও পুলিশ সুপারসহ সরকারি কর্মকর্তাদের গাড়ি আটকে দেন আন্দোলনকারীরা। তারা ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে যাচ্ছিলেন।


আনন্দ মোহন কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোস্তাক হাসান বলেন, “ছিনতাইকারীরা শহরে বেপরোয়া হয়ে উঠলেও প্রশাসন নির্বিকার। এমন প্রশাসন আগে কখনও দেখিনি। আমরা ছিনতাই ও মাদকমুক্ত নগরী চাই।”


ঘটনাস্থলে উপস্থিত অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবদুল্লাহ আল মামুন বলেন, “অপরাধীদের ধরতে পুলিশ কাজ করছে এবং দ্রুতই আসামিদের আইনের আওতায় আনা হবে।” 


তথ্যসূত্র: বিডিনিউজ