মোহনপুরে ইট দিয়ে মাথায় মেরে ভ্যালচালককে হত্যা
রাজশাহীর মোহনপুরে ভ্যান দূরে থামানো ক্ষিপ্ত হয়ে মাথায় ইট দিয়ে মেরে ভ্যালচালককে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পর স্থানীয়রা অভিযুক্তকে আটক করে রাখে।
শুক্রবার (১০ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিতে উপজেলার বেলগাছি পূর্বপাড়া গ্রামের পাঠক ক্লাবের সামনে এ ঘটনা ঘটে। নিহত ভ্যানচালকের নাম আলম (৪৪)। সে বেলগাছি গ্রামের আশরাফ উদ্দিনের ছেলে।
অভিযুক্তের নাম মজিবর রহমান (৫৫)। সেও এক গ্রামের বাসিন্দা। ঘটনার পর স্থানীয়রা অভিযুক্তকে বেশ কয়েকবার পিটুনি দেওয়া চেষ্টা করে। পুলিশ অভিযুক্তকে নিয়ে আসে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুই পুলিশ আহত হয়েছে। ঘটনাস্থলে ইউএনও ও ওসি অবস্থান করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, অভিযুক্ত মজিবর রহমান (৫৫) চলন্ত ভ্যান থামানোর জন্য সংকেত দেন। তবে ভ্যানচালক আলম কিছুটা দূরে গিয়ে ভ্যান থামালে এতে ক্ষিপ্ত হয়ে ওঠেন মজিবর। এ সময় তিনি ইট দিয়ে আলমের মাথার পেছনে কয়েকটি আঘাত করেন।
এতে গুরুতর আহত হয়ে আলম ভ্যান থেকে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, ঘটনার পর স্থানীয়রা অভিযুক্ত মজিবর রহমানকে পাঠক ক্লাবে আটক করে রাখে। পরে পুলিশ তাকে হেফাজতে নিতে গেলে উত্তেজিত জনতা তাকে গণপিটুনির চেষ্টা চালায়। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ওই এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে। এ ঘটনায় এখনও পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়নি। মামলা করা হলে সেই মামলায় তাকে আদালতে পাঠানো হবে।