বুধবার, মে ০৬, ২০২৬

রাবিতে সার্ক এগ্রিকালচার সেন্টার বুক কর্নারের উদ্বোধন

রাবি প্রতিবেদক ১২ এপ্রিল ২০২৬ ১০:২৬ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
রাবি প্রতিবেদক ১২ এপ্রিল ২০২৬ ১০:২৬ অপরাহ্ন
রাবিতে সার্ক এগ্রিকালচার সেন্টার বুক কর্নারের উদ্বোধন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কৃষি ভবনে সার্ক এগ্রিকালচার সেন্টারের (এসএসি) উদ্যোগে ‘এসএসি বুক কর্নার’-এর উদ্বোধন করা হয়েছে। কৃষি ও সংশ্লিষ্ট বিষয়গুলোতে একাডেমিক সক্ষমতা বৃদ্ধি এবং আঞ্চলিক জ্ঞান বিনিময়ের লক্ষ্যে রবিবার (১২ এপ্রিল) এই বুক কর্নারটি চালু করা হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাবি উপাচার্য ড. মো. ফরিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সার্ক এগ্রিকালচার সেন্টারের (এসএসি) পরিচালক ড. মো. হারুনুর রশীদ, রাবি উপ-উপাচার্য ড. মোহাম্মদ মঈন উদ্দিন, উপ-উপাচার্য ড. মো. ফরিদ উদ্দিন খান, কৃষি অনুষদের ডিন ড. মো. আরিফুর রহমান এবং ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স অনুষদের ডিন ড. কে. এম. মোজাফফর হোসেন।


এছাড়া অনুষ্ঠানে এসএসি-র সিনিয়র প্রোগ্রাম স্পেশালিস্ট, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাবি ফিশারিজ অনুষদের ডিন ড. মো. মোস্তাফিজুর রহমান মন্ডল। স্বাগত বক্তব্য রাখেন ফিশারিজ বিভাগের অধ্যাপক ড. মো. ইয়ামিন হোসেন এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন একই বিভাগের অধ্যাপক মো. তারিকুল ইসলাম।


প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য ড. ফরিদুল ইসলাম কৃষি গবেষণা ও শিক্ষার প্রসারে সহজলভ্য একাডেমিক সম্পদের গুরুত্ব তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, এই বুক কর্নারটি আঞ্চলিক উদ্ভাবন সম্পর্কে জানতে শিক্ষার্থী ও গবেষকদের সহায়তা করবে। এছাড়া টেকসই কৃষি উন্নয়নে সার্ক এবং এসএসি-র সাথে সহযোগিতা বৃদ্ধির ওপরও তিনি জোর দেন।


এসএসি-র পরিচালক ড. মো. হারুনুর রশীদ সার্কভুক্ত দেশগুলোর মধ্যে জ্ঞান বিনিময়ে সেন্টারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। তিনি জানান, এই উদ্যোগ তথ্য-প্রমাণ ভিত্তিক গবেষণায় সহায়তা করবে এবং তরুণ শিক্ষার্থী ও পেশাজীবীদের মধ্যে সমন্বয় বৃদ্ধি করবে। একাডেমিক ও গবেষণা সক্ষমতা বাড়াতে মানসম্মত রেফারেন্স বইয়ের প্রয়োজনীয়তার কথাও তিনি উল্লেখ করেন।