শনিবার, এপ্রিল ১৮, ২০২৬

মান্দায় নববর্ষের শুভেচ্ছা ব্যানার ভাঙচুরের অভিযোগ

মান্দা প্রতিনিধি ১৩ এপ্রিল ২০২৬ ০৯:০৮ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
মান্দা প্রতিনিধি ১৩ এপ্রিল ২০২৬ ০৯:০৮ অপরাহ্ন
মান্দায় নববর্ষের শুভেচ্ছা ব্যানার ভাঙচুরের অভিযোগ

নওগাঁর মান্দা উপজেলায় প্রধানমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্যের ছবি সংবলিত নববর্ষের শুভেচ্ছা ব্যানার ভাঙচুরের অভিযোগ উঠেছে। রোববার (১২ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার গনেশপুর ইউনিয়নের শ্রীরামপুর সাকিদারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।


অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার গণেশপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী লুৎফর রহমান নববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপুর ছবি সম্বলিত একটি শুভেচ্ছা ব্যানার স্থাপন করেন। রোববার দিবাগত রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে ব্যানারটি কুপিয়ে নষ্ট করে এবং উপড়ে ফেলে নিয়ে যায়। 


এ ঘটনায় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। ভাঙচুরের বিষয়ে লুৎফর রহমান বলেন, ‘গত ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যারা দলের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চেয়েছিল, তারাই এ ধরনের ন্যাক্কারজনক ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে।’ তিনি ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান।


এ বিষয়ে মান্দা উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম হোসাইন ও গণেশপুর ইউনিয়ন বিএনপির উপদেষ্টা মোজাম্মেল হক চকদারও ক্ষোভ প্রকাশ করে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।


এ বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম জানান, ‘নববর্ষের শুভেচ্ছা ব্যানার ভাঙচুরের বিষয়টি জানা নেই। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’