রবিবার, এপ্রিল ১৯, ২০২৬

ঈশ্বরদীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষার প্রথম দিনে এক তৃতীয়াংশ পরীক্ষার্থী অনুপস্থিত

ঈশ্বরদী প্রতিনিধি ১৫ এপ্রিল ২০২৬ ১০:৩৩ অপরাহ্ন শিক্ষা
ঈশ্বরদী প্রতিনিধি ১৫ এপ্রিল ২০২৬ ১০:৩৩ অপরাহ্ন
ঈশ্বরদীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষার প্রথম দিনে এক তৃতীয়াংশ পরীক্ষার্থী অনুপস্থিত

প্রাথমিক বৃত্তি পরীক্ষার প্রথম দিনে পাবনার ঈশ্বরদীর দুটি পরীক্ষা কেন্দ্রে এক তৃতীয়াংশ পরীক্ষার্থীই অনুপস্থিত ছিল। বুধবার (১৫ এপ্রিল) অনুষ্ঠিত পরীক্ষার প্রথম দিনে ঈশ্বরদীর দুটি পরীক্ষা কেন্দ্রে মোট অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৬৬৩ জন।


উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, এ বছর উপজেলার ১০০টি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে মোট ১ হাজার ৮৫০ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে সরকারি সাঁড়া মাড়োয়ারি মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ৯৭৮ ও ঈশ্বরদী গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে রয়েছে ৮৭২ জন পরীক্ষার্থী। বুধবার (১৫ এপ্রিল) পরীক্ষা শুরুর পর দুটি পরীক্ষা কেন্দ্রের কেন্দ্র সচিব এবং ঈশ্বরদী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, সরকারি সাঁড়া মাড়োয়ারি মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ৩১৪ ও ঈশ্বরদী গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৩৪৯ জন।


পরীক্ষার সময়সূচি অনুযায়ী ১৭ এপ্রিল গণিত এবং ১৮ এপ্রিল বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং বিজ্ঞান বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিদিন ২ ঘণ্টা ৩০ মিনিট সময় পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।


সরকারি সাঁড়া মাড়োয়ারি মডেল স্কুল অ্যান্ড কলেজের কেন্দ্র সচিব অধ্যাপক শহিদুল হক শাহীন জানান, এই কেন্দ্রে ৯৭৮ জন পরীক্ষার্থীর মধ্যে প্রথম দিন ৩১৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। ঈশ্বরদী গার্লস স্কুল কলেজ কেন্দ্র সচিব সাবিনা ইয়াসমিন জানান, এই কেন্দ্রে ৮৭২ জনের মধ্যে ৩৪৯ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে নাই। তারা অনুপস্থিত ছিল।


উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহিনা আক্তার বলেন, অত্যন্ত সুষ্ঠু ও স্বাভাবিক পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রের ব্যবস্থাপনাও সার্বিকভাবে ভালো ছিল। সব পরীক্ষার্থীর পরীক্ষা ভালো হয়েছে বলে মনে করছি। উপজেলা নির্বাহী অফিসার হাসান মোহাম্মদ সোয়াইব দুটি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করে কেন্দ্রের ভেতর ও বাইরের পরিবেশ দেখে সন্তোষ্টি প্রকাশ করেন।