মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়ার প্রতিজ্ঞা যুবকের

সোনার দেশ ডেস্ক ১৫ এপ্রিল ২০২৬ ১০:৫৫ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সোনার দেশ ডেস্ক ১৫ এপ্রিল ২০২৬ ১০:৫৫ অপরাহ্ন
দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়ার প্রতিজ্ঞা যুবকের

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় অনলাইন জুয়ায় সর্বস্বান্ত হয়ে এক যুবক প্রকাশ্যে দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়ার ঘোষণা দিয়েছেন। বুধবার (১৫ এপ্রিল) দুপুরের এই ঘটনার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে।


জাহিদুল ইসলাম (৩৫) নামের ওই যুবকের বাড়ি উপজেলার বালিঘাটা ইউনিয়নের গণেশপুর গ্রামে।


ভিডিওতে দেখা যায়, মহীপুর সরকারি কলেজের মূল ফটকের সামনে দাঁড়িয়ে জাহিদুল ইসলাম নিজের গায়ে দুধ ঢালছেন। এ সময় তিনি বলেন, জুয়া খেলতে গিয়ে তাঁর সংসার ও আর্থিক অবস্থা নষ্ট হয়ে গেছে। তাই তিনি দুধ দিয়ে গোসল করে আজ থেকে জুয়া ছেড়ে দেওয়ার শপথ নিচ্ছেন।


স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে জাহিদুল অনলাইন জুয়াসহ বিভিন্ন ধরনের জুয়ার সঙ্গে যুক্ত ছিলেন। এতে ধীরে ধীরে তাঁর সঞ্চয় ও সম্পদ নষ্ট হয়ে যায় এবং একপর্যায়ে তিনি চরম আর্থিক সংকটে পড়েন। পরে নিজের ভুল বুঝতে পেরে আজ দুপুরে প্রকাশ্যে প্রায় ২০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছেড়ে দেওয়ার প্রতিজ্ঞা করেন।


স্থানীয় বাসিন্দা আবদুল করিম বলেন, জুয়ার কারণে ছেলেটি সব হারিয়েছে; এখন যদি সত্যিই ফিরে আসে, সেটাই ভালো।


রহিমা বেগম নামের এক নারী বলেন, প্রকাশ্যে নিজের ভুল স্বীকার করা সহজ নয়, তিনি যেন ভালো পথে থাকেন।


বালিঘাটা ইউনিয়ন পরিষদের এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, উপজেলায় জুয়া উদ্বেগজনকভাবে ছড়িয়ে পড়ছে, বিশেষ করে অনলাইন জুয়ার কারণে যুবসমাজ বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ বিষয়ে প্রশাসনের আরও কঠোর নজরদারি প্রয়োজন।


পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজ মো. রায়হান বলেন, জুয়া সম্পূর্ণ অবৈধ এবং এ বিষয়ে নিয়মিত অভিযান চলছে। কেউ জড়িত থাকলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।- প্রথম আলো অনলাইন