রবিবার, এপ্রিল ১৯, ২০২৬

স্বামীর সঙ্গে বাড়ি ফেরার পথে গৃহবধূকে তুলে নিয়ে ধর্ষণ

সোনার দেশ ডেস্ক ১৬ এপ্রিল ২০২৬ ০৯:৩৫ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ১৬ এপ্রিল ২০২৬ ০৯:৩৫ অপরাহ্ন
স্বামীর সঙ্গে বাড়ি ফেরার পথে গৃহবধূকে তুলে নিয়ে ধর্ষণ
ফাইল ফটো

কুমিল্লার হোমনায় স্বামীর সঙ্গে বাড়ি ফেরার পথে এক গৃহবধূকে (১৮) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে মামলা করেছেন।


বুধবার (১৫ এপ্রিল) দিবাগত রাতে হোমনা কৃষি কলেজ এলাকায় এ ঘটনা ঘটে। হোমনা থানার ওসি টমাস বড়ুয়া এসব তথ্য নিশ্চিত করেছেন।


মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, বাদী ও তার স্বামী হোমনা পৌর এলাকায় ভাড়া বাসায় থাকেন। বুধবার রাত সাড়ে ৯টার দিকে স্বামীকে নিয়ে অটোরিকশাযোগে তিতাস উপজেলায় বাবার বাড়িতে যাচ্ছিলেন ভুক্তভোগী।


পথে কৃষি কলেজ এলাকা পার হওয়ার পর ওপারচর গ্রামের আশিকুর রহমান ও তার সঙ্গে থাকা আরো কয়েকজন ওই দম্পতির পথ রোধ করেন। অভিযুক্তরা দম্পতিসহ অটোরিকশাটিকে জোরপূর্বক একটি নির্জন ইটের রাস্তায় নিয়ে যান।


সেখানে আশিকুর রহমান ও তার দুই সহযোগী ওই নারীকে আটকে রাখেন। অন্যরা তার স্বামী ও অটোরিকশার চালককে দূরে সরিয়ে নিয়ে যান। এ সময় আশিকুর রহমান ওই গৃহবধূকে ধর্ষণ করেন।


ওসি টমাস বড়ুয়া বলেন, “ভুক্তভোগী ভোররাত ৪টার দিকে তার স্বামীসহ থানায় এসে তাকে ধর্ষণ করা হয়েছে বলে জানান। পরে দম্পতিকে সঙ্গে নিয়ে অভিযানে যাই। ঘটনার পর থেকে অভিযুক্তরা গা ঢাকা দিয়েছেন।”


তিনি আরো বলেন, “ভুক্তভোগী নারীর অভিযোগ পাওয়ার পরই মামলা নিয়েছি। সেই সঙ্গে তার স্বাস্থ্য পরীক্ষার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এজাহারে তিনি একজনের নাম উল্লেখ করেছেন। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।”


তথ্যসূত্র: রাইজিংবিডি