ছেলের মৃত্যুর তিন ঘণ্টার ব্যবধানে মায়ের মৃত্যু, পাশাপাশি দাফন
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের কাজিপাড়া গ্রামে মা ও ছেলের তিন ঘণ্টার ব্যাবধানে মৃত্যুর ঘটনা ঘটেছে। মর্মান্তিক ঘটনাটি প্রতিবেশীসহ স্থানীয়দের গভীরভাবে নাড়িয়ে দিয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে পারিবারিক কবরস্থানে মা ও ছেলেকে পাশাপাশি দাফন করা হয়।
স্থানীয় সূত্র ও পরিবার-পরিজনের সঙ্গে কথা বলে জানা যায়, কাজিপাড়া গ্রামের বাসিন্দা কালু শেখ (৫৫) কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে জেলা হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বুধবার (১৫ এপ্রিল) রাত ৮টার দিকে তার মৃত্যু হয়। মৃত্যু সংবাদটি মায়ের কাছে পৌঁছানোর পর থেকেই তিনি ভেঙে পড়েন। মাত্র তিন ঘণ্টার ব্যবধানে রাত ১১টার দিকে তার মা ময়না বেগম (৭২) নিজ বাসভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পরিবারের সদস্যদের ভাষ্য, ময়না বেগম দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। তবে ছেলের মৃত্যুর শোক তাকে মানসিকভাবে ভেঙে পড়ে এবং তাৎক্ষণিকভাবে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। চিকিৎসকদের মতে, এমন আকস্মিক মানসিক আঘাত হৃদযন্ত্রের ওপর প্রভাব ফেলতে পারে, যা বয়স্কদের ক্ষেত্রে মৃত্যুঝুঁকি বাড়িয়ে দেয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন স্থানীয় ইউপি সদস্য সবুজ মিঞা তিনি বলেন তিন ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যুর ঘটনা অত্যন্ত মর্মান্তিক। বৃহস্পতিবার সকালে তাদের পাশাপাশি দাফন করা হয়েছে। তিনি আরও জানান, জানাজায় গ্রামের শত শত মানুষ অংশ নেন এবং পরিবারটির প্রতি সমবেদনা জানান।
এ ঘটনায় এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। প্রতিবেশীরা বলছেন, মা-ছেলের গভীর স্নেহ-সম্পর্কের প্রতিফলন যেন তাদের এই মৃত্যু। স্থানীয় প্রবীণদের মতে, এমন ঘটনা সমাজের আবেগকে নাড়িয়ে দেয়। কাজিপাড়ার মানুষ এখনও সেই শোক কাটিয়ে উঠতে পারেনি, মা-ছেলের একসঙ্গে বিদায় নেওয়ার দৃশ্য তাদের মনে গভীর দাগ কেটেছে।