মুজিবনগর দিবসে মেহেরপুরে মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা
ঐতিহাসিক মুজিবনগর দিবসে মেহেরপুরের মুজিবনগর স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধাদের সন্তানরা।
শুক্রবার সকাল ৯টায় স্মৃতিসৌধে পুষ্পার্ঘ অর্পণ করে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি এ শ্রদ্ধা নিবেদন করা হয় বলে জানিয়েছেন মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডের মুজিবনগর উপজেলা সভাপতি মোখলেছুর রহমান।
এ সময় মুক্তিযোদ্ধা হাজী আহসান আলী খান, অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন আব্দুল মালেক, মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডের সাধারণ সম্পাদক খাইরুল ইসলামসহ সংগঠনের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।
এছাড়া দেশের প্রথম সরকারকে গার্ড অব অনার প্রদানকারী আনসার সদস্য এবং শপথ অনুষ্ঠানে জাতীয় সংগীত পরিবেশনকারী শিল্পীও এ সময় উপস্থিত ছিলেন।
১৯৭১ সালের এই দিনে মুজিবনগরের আম্রকাননে শপথ গ্রহণ করে বাংলাদেশের প্রথম সরকার। সেই ঐতিহাসিক ঘটনার স্মরণে প্রতিবছর ১৭ এপ্রিল ‘মুজিবনগর দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে।
তবে সরকারিভাবে দিবসটি পালনে কোনো কর্মসূচি গ্রহণ করা হয়নি বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
জেলা প্রশাসক শিল্পী রাণী রায় বলেন, বৈশ্বিক পরিস্থিতি, জ্বালানি সংকট ও সরকারের ব্যয় সংকোচন নীতিসহ নানা কারণে প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো কর্মসূচি পালনের নির্দেশনা তারা পাননি।
এছাড়া বিকাল ৩টায় ঢাকা থেকে আগত ‘নাগরিক সমাজ’ নামের একটি সংগঠনের পক্ষ থেকেও মুজিবনগর স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের কর্মসূচি রয়েছে। সেখানে মুক্তিযোদ্ধা ও বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত থাকবেন।
তথ্যসূত্র: বিডিনিউজ