শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬

ফুলবাড়ীতে সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন, দাবি না মানলে পৌরকর না দেওয়ার ঘোষণা

ফুলবাড়ী প্রতিনিধি ১৭ এপ্রিল ২০২৬ ১০:২০ অপরাহ্ন জাতীয়
ফুলবাড়ী প্রতিনিধি ১৭ এপ্রিল ২০২৬ ১০:২০ অপরাহ্ন
ফুলবাড়ীতে সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন, দাবি না মানলে পৌরকর না দেওয়ার ঘোষণা

দিনাজপুরের ফুলবাড়ীতে পৌর শহরের একটি গুরুত্বপূর্ণ সড়ক দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে পৌরসভা ঘেরাও, সড়ক অবরোধসহ কঠোর কর্মসূচি দেওয়ার পাশাপাশি সড়ক সংস্কার না হওয়া পর্যন্ত পৌর কর (ট্যাক্স) পরিশোধ না করার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।


শুক্রবার (১৭ এপ্রিল) বাদ জুমা পৌর শহরের নিমতলা মোড়ে দিনাজপুর–গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়কের পাশে ব্যানার-ফেস্টুন নিয়ে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।


“সড়ক দ্রুত সংস্কার করুন, জনগণের ভোগান্তি বন্ধ করুন”, “অবহেলা আর নয়, সড়ক সংস্কার চাই”—এমন নানা স্লোগানে মুখরিত ছিল কর্মসূচি। পশ্চিম গৌরিপাড়া ৪ নম্বর ওয়ার্ডের নিমতলা মোড় (মুন্সি হোটেল এলাকা) থেকে টাওয়ারের মোড় পর্যন্ত বউবাজার সড়কটি দ্রুত সংস্কারের দাবিতে শতাধিক পৌরবাসী এতে অংশ নেন।


মানববন্ধনে সাংবাদিক আল-আমিন বিন আমজাদের সঞ্চালনায় বক্তব্য দেন ফুলবাড়ী পৌর বিএনপির সভাপতি ও সাবেক কাউন্সিলর আবুল বাশার, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তাজমিলুর রহমান নয়ন, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোস্তাফিজার রহমান, খনি বিরোধী আন্দোলনের নেতা এস এম নুরুজ্জামান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নুর আলম নুরুল্লাহ, পৌর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আরমান হক খোকন এবং জেড ফোর্স নেতা রিয়াদ ফেরদৌস শামসসহ অনেকে।


বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে অবহেলিত এই সড়কটি বর্তমানে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বর্ষা মৌসুমে সড়কের বিভিন্ন স্থানে পানি জমে থাকায় জনদুর্ভোগ চরম আকার ধারণ করে। খানাখন্দে ভরা সড়কটিতে প্রতিদিন যাতায়াতে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে স্থানীয়দের। একাধিকবার পৌর কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তারা।


বক্তারা আরও বলেন, আগামী ১৫ দিনের মধ্যে সড়ক সংস্কারের কার্যকর উদ্যোগ না নেওয়া হলে পৌরসভা ঘেরাও, সড়ক অবরোধসহ বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। একই সঙ্গে সড়ক সংস্কার না হওয়া পর্যন্ত পৌর কর পরিশোধ থেকে বিরত থাকার ঘোষণাও দেন তারা।


এ বিষয়ে জানতে চাইলে ফুলবাড়ী পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) ছামিউল ইসলাম বলেন, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের আওতায় আঞ্চলিক উন্নয়ন প্রকল্পের মাধ্যমে এসব কাজ বাস্তবায়ন করা হয়। সংশ্লিষ্ট সড়কের জন্য চাহিদা পাঠানো হয়েছে। অনুমোদন ও অর্থ বরাদ্দ পাওয়া গেলে দ্রুত কাজ শুরু করা হবে।