আইএমএফের ঋণ স্থগিতের খবর নাকচ করলো সরকার
বিশ্বব্যাংক-আইএমএফের স্প্রিং মিটিংয়ের সাইডলাইনে অনুষ্ঠিত বৈঠকের পর আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বাংলাদেশের ঋণের পরবর্তী কিস্তি স্থগিত করেছে। গণমাধ্যমে আসা এই খবরকে নাকচ করে দিয়েছে সরকার।
শুক্রবার (১৭ এপ্রিল) ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস উইং থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়েছে, শুক্রবার অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দল আইএমএফ কর্মকর্তাদের সঙ্গে দুটি বৈঠক করেছেন। প্রথম মিটিংটি হয়েছে সকালে আইএমএফের এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসন ও তার টিমের সঙ্গে। দ্বিতীয় মিটিং হয়েছে বিকালে আইএমএফের ডিএমডি নাইজেল ক্লার্ক ও তার টিমের সঙ্গে।
দূতাবাস জানায়, দুটি মিটিংই ইতিবাচক ও প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। অর্থ ও পরিকল্পনামন্ত্রী বর্তমান নির্বাচিত সরকারের রাষ্ট্র পরিচালনার দৃষ্টিভঙ্গি ও বিএনপির নির্বাচনি প্রতিশ্রুতির বিষয়টি তুলে ধরেন। রাজস্ব আয় বৃদ্ধি ও ব্যাংক-আর্থিক খাতে সংস্কারের বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। অধিকাংশ বিষয়ে দুই পক্ষ একমত হয়েছেন। দুই পক্ষই সম্মত হয়েছেন, কিছু বিষয় নিয়ে আরও আলোচনা করতে হবে। বিশেষ করে সরাসরি জনগণের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সরকারের দৃঢ় অবস্থানের বিষয়টি তুলে ধরেছেন অর্থমন্ত্রী। কিছু ক্ষেত্রে দুই পক্ষের মতামত এক রকম হয়নি। তবে দুই পক্ষই একমত হয়েছে, আলোচনা চলমান থাকবে এবং আলোচনার মধ্য দিয়ে সব বিষয়ে একমত হওয়া সম্ভব হবে।
আইএমএফ বাংলাদেশের উন্নয়ন অংশীজন। গণতান্ত্রিকভাবে নির্বাচিত বর্তমান সরকারের সময়কালে উন্নয়নের অংশীজন হয়েই আইএমএফ বাংলাদেশের পাশে থাকতে চায় বলেও জানিয়েছে দূতাবাস।
তথ্যসূত্র: বাংলাট্রিবিউন