পুঠিয়ায় ইউরিয়া সার মিলছে না, দিশেহারা কৃষক
রাজশাহীর পুঠিয়া উপজেলায় হঠাৎ বৃষ্টি হওয়ায় ইউরিয়া সার পাওয়া যাচ্ছে না। এরফলে দিশেহারা হয়ে পড়েছেন স্থানীয় কৃষকরা। চলতি মৌসুমে পাট, ভুট্টাসহ বিভিন্ন ফসলে দীর্ঘদিন ধরে সব ধরনের সারের ঘাটতি থাকলেও, শনিবারের (২ মে) দিন বৃষ্টির পর ইউরিয়া সার না পেয়ে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।
কৃষকদের দাবি, বৃষ্টির কারণে জমিতে সারের চাহিদা হঠাৎ বেড়ে যাওয়ায় ইউরিয়া সার পাওয়া যাচ্ছে না। ফলে, সময়মতো সার প্রয়োগ করতে না পেরে পাটসহ বিভিন্ন ফসলের উৎপাদন নিয়ে উদ্বেগে রয়েছেন তারা।
এদিকে অভিযোগ উঠেছে, কিছু অসাধু ব্যবসায়ী আগে থেকে দোকানে রাখা কিছু ইউরিয়া সার সর্বোচ্চ ৩৮ থেকে ৪০ টাকা কেজি দামে বিক্রি করছেন। নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে সার কিনতে বাধ্য হচ্ছেন কৃষকরা, যা তাদের সার না পাওয়ার ভোগান্তি আর বেশি দাম নেওয়ায় হতাশ চাষিরা।
স্থানীয় একাধিক কৃষক জানান, “সার না পেলে ফসলের ক্ষতি হবে। আবার বেশি দামে কিনতে গেলে খরচ বেড়ে যাচ্ছে। এতে লাভের বদলে লোকসানের আশঙ্কা তৈরি হয়েছে।
কৃষকরা দ্রুত সারের সরবরাহ স্বাভাবিক করা এবং বাজার তদারকি জোরদারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ ব্যাপারে বিসিআইসি সার ডিলার ওসমান আলী জানান, সার সংকটের কারণে এমন হয়নি। হঠাৎ বৃষ্টি তারপরে মাসের শেষ- যার কারণে সার আমরা বরাদ্দ পাইনি। কাল পরশু সার নামলেই সব ঠিক হবে।
উপসহকারি কৃষি কর্মকর্তা মুনজুর রহমানের কাছে ৪০ টাকা কেজি ইউরিয়া সার বিক্রি হচ্ছে এমন খবর জানতে চাইলে তিনি জানি না বলে জানান। এবং সার সংকট কেন জানতে চাইলে তিনি বলেন মাসের শেষ এবং ১ মে শ্রমিক দিবস ছুটি। সার সংকট নেই। কাল পরশু সার নামতে পারে বলে তিনি জানান।