রবিবার, জুন ২১, ২০২৬

দলিল লেখকদের পেশাগত উন্নয়ন ও অধিকার রক্ষায় পবায় বার্ষিক সাধারণ সভা

নিজস্ব প্রতিবেদক ০২ মে ২০২৬ ১০:৪৬ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ০২ মে ২০২৬ ১০:৪৬ অপরাহ্ন
দলিল লেখকদের পেশাগত উন্নয়ন ও অধিকার রক্ষায় পবায় বার্ষিক সাধারণ সভা

দলিল লেখকদের পেশাগত উন্নয়ন, অধিকার সংরক্ষণ এবং সেবা কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে পবা উপজেলা দলিল লেখক সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ মে) সকালে সমিতির নিজস্ব সেডে আয়োজিত এ সভায় সংগঠনের সার্বিক কার্যক্রম পর্যালোচনা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। সভায় সভাপতিত্ব করেন, পবা উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি মো. আনারুল ইসলাম আবু এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান সবুজ। সভার শুরুতে বিগত বছরের কার্যক্রম, আয়-ব্যয়ের হিসাব এবং বিভিন্ন সেবামূলক উদ্যোগ তুলে ধরা হয়। এরপর সদস্যদের মতামতের ভিত্তিতে আগামী দিনের করণীয় নির্ধারণ করা হয়।


সভায় বক্তারা বলেন, দলিল লেখকরা ভূমি ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সাধারণ মানুষের জমি সংক্রান্ত কাজ সঠিক ও দ্রুত সম্পন্ন করতে তাদের দক্ষতা ও সততার বিকল্প নেই। তাই পেশাগত মানোন্নয়নের পাশাপাশি আইনগত জ্ঞান বৃদ্ধি এবং আধুনিক সেবার সঙ্গে নিজেদের খাপ খাওয়ানো অত্যন্ত জরুরি। তারা আরও বলেন, দলিল লেখকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সংগঠনকে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ হতে হবে।


এসময় সংগঠনের সদস্যদের কল্যাণে বিভিন্ন উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। অসুস্থ ও অসচ্ছল সদস্যদের সহায়তা প্রদান, পেশাগত নিরাপত্তা জোরদার এবং নতুন সদস্যদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তোলার বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি ভূমি সংক্রান্ত সেবা প্রদানে অনিয়ম ও হয়রানি প্রতিরোধে সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।


সভায় উপস্থিত ছিলেন পবা উপজেলা দলিল লেখক সমিতির সিনিয়র সহ-সভাপতি মো. মিজানুর রহমান, সহ-সভাপতি মো. নুরুন্নবী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আমিনুল হক, কোষাধ্যক্ষ মো. আব্দুল আলীম, সাংগঠনিক সম্পাদক মো. আহসান হাবীব বাবু, দপ্তর সম্পাদক মো. আনোয়ার হোসেন, আইন সম্পাদক মো. গোলাম রাব্বানী, প্রচার সম্পাদক মো. ইসমাইল হোসেন, কল্যাণ বিষয়ক সম্পাদক মো. আবু জাফর, সদস্য মো. শাহিন আলম, সদস্য মো. ওয়াসিম খান, সদস্য মো. সুরুজ আলীসহ অন্য সদস্যরা। সভা শেষে সংগঠনের অগ্রগতি ও সদস্যদের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।