স্বাস্থ্য মন্ত্রণালয়কে ১০টি ভেন্টিলেটর দিল রেডিয়েন্ট
দেশে সাম্প্রতিক হামের প্রাদুর্ভাবের মধ্যে শিশু ও নবজাতকদের জরুরি চিকিৎসাসেবা জোরদারে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়কে ১০টি অত্যাধুনিক নিওনেটাল ও পেডিয়াট্রিক ভেন্টিলেটর দিয়েছে রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড।
মঙ্গলবার (১২ মে) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের কাছে এসব ভেন্টিলেটর হস্তান্তর করেন রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালসের বোর্ড সদস্য মুসাওয়াত শামস জাহেদী।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্রে নির্মিত উন্নতমানের এসব নিওনেটাল ও পেডিয়াট্রিক ভেন্টিলেটর গুরুতর শ্বাসকষ্টে আক্রান্ত নবজাতক ও শিশুদের চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে হামের জটিলতায় আক্রান্ত শিশুদের জরুরি চিকিৎসা এবং সংকটাপন্ন নবজাতকদের জীবনরক্ষাকারী সেবায় এগুলো কার্যকর সহায়তা দেবে বলে আশা করা হচ্ছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, বর্তমান স্বাস্থ্য পরিস্থিতিতে সরকারি হাসপাতালগুলোর নিবিড় পরিচর্যা সক্ষমতা বাড়ানো জরুরি হয়ে উঠেছে। নতুন ভেন্টিলেটর সংযোজনের ফলে নবজাতক ও শিশুদের উন্নত চিকিৎসা নিশ্চিত করা সহজ হবে।
রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস জানিয়েছে, দেশের স্বাস্থ্যখাতের উন্নয়ন, আধুনিক চিকিৎসাসেবা সম্প্রসারণ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে বিভিন্ন সহায়ক উদ্যোগ বাস্তবায়ন করে আসছে। জরুরি পরিস্থিতিতে স্বাস্থ্যখাতের পাশে দাঁড়ানোকে প্রতিষ্ঠানটি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বিবেচনা করে।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, ভবিষ্যতেও মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবার উন্নয়নে সহযোগিতা অব্যাহত থাকবে।
এর আগে, গত ৩১ মার্চ জরুরি স্বাস্থ্যসেবা সহায়তার অংশ হিসেবে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে দুই সেট নিওনেটাল ও পেডিয়াট্রিক ভেন্টিলেটর প্রদান করেছিল রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস।
তথ্যসূত্র: বাংলানিউজ