এইচএসসির দ্বিতীয় দিনে অনুপস্থিত ২৭ হাজার, বহিষ্কার ১৭ পরীক্ষার্থী
উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার দ্বিতীয় দিনে আজ শনিবার দেশের বিভিন্ন কেন্দ্রে অনুপস্থিত ছিলেন ২৭ হাজার ৩২৭ জন পরীক্ষার্থী। এ ছাড়াও কেন্দ্রে অসদুপায় অবলম্বনের জন্য বহিষ্কার করা হয়েছে ১৭ জন পরীক্ষার্থীকে।
শনিবার বিকেলে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আজ (শনিবার) এইচএসসি (সাধারণ) ‘বাংলা– দ্বিতীয় পত্র’, আলিমে ‘আরবি– প্রথম পত্র’ ও ‘আরবি সাহিত্য’ এবং এইচএসসি ভকেশনাল, বিএমটি ও ডিপ্লোমা ইন কমার্সে ‘ইংরেজি–২’ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির তথ্য অনুযায়ী— ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি বাংলা–দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে ১ হাজার ৬২০টি কেন্দ্রে। এ পরীক্ষায় ৮ লাখ ৮৬ হাজার ৭৬৪ জন পরীক্ষার্থীর অংশ নেওয়ার কথা থাকলেও অংশ নিয়েছেন ৮ লাখ ৪১ হাজার ১২৫ জন। অনুপস্থিত ছিলেন ১৯ হাজার ৬৩৯ জন। এর মধ্যে ৭ জন পরীক্ষার্থীকে অসদুপায় অবলম্বনের জন্য বহিষ্কার করা হয়েছে।
শিক্ষা বোর্ডের হিসাবে–বহিষ্কৃতদের মধ্যে রয়েছে রাজশাহী বোর্ডের ১ জন, কুমিল্লার ২ জন, বরিশালের ২ জন, দিনাজপুরের ১ জন এবং ময়মনসিংহ শিক্ষা বোর্ডের ১ জন পরীক্ষার্থী।
মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিমের আরবি প্রথমপত্র ও আরবি সাহিত্য পরীক্ষায় ৭ জন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন।
আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির তথ্য অনুযায়ী—আলিমের ৪৬০টি কেন্দ্রে ৮৪ হাজার ২৯৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেওয়ার কথা থাকলেও অংশ নেন ৭৯ হাজার ৯১ জন। অনুপস্থিত ছিলেন ৫ হাজার ২০২ জন পরীক্ষার্থী।
এইচএসসি ভকেশনাল, বিএমটি ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষার দ্বিতীয় দিনে ইংরেজি-২ বিষয়ের পরীক্ষায় ৩ জন পরীক্ষার্থী বহিষ্কার ও ২ হাজার ৪৮৬ জন অনুপস্থিত থাকার তথ্য দিয়েছে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ৬১১টি কেন্দ্রে এদিন ইংরেজি-২ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এসব কেন্দ্রে ৮৫ হাজার ৭৪৯ জন পরীক্ষার্থীর পরীক্ষা দেওয়ার কথা থাকলেও পরীক্ষায় বসেছেন ৮৩ হাজার ২৬৩ জন। ২ হাজার ৪৮৬ জন অনুপস্থিত ছিলেন এবং ৩ জন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন।
উল্লেখ্য, এ বছরে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অভিন্ন প্রশ্নে পরীক্ষার আয়োজন করা হচ্ছে। দেশজুড়ে ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে চলতি বছরের উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষা শুরু হয়েছে, যাতে অংশ নেওয়ার কথা ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থীর।
তথ্যসূত্র: আজকের পত্রিকা অনলাইন