শুক্রবার, আগস্ট ২১, ২০২৬

রাজশাহী বোর্ডে পাসের হার ও জিপিএ-৫ দুই সূচকেই সেরা বগুড়া, দ্বিতীয় রাজশাহী

নিজস্ব প্রতিবেদক ১০ আগস্ট ২০২৬ ১০:১৫ অপরাহ্ন শিক্ষা
নিজস্ব প্রতিবেদক ১০ আগস্ট ২০২৬ ১০:১৫ অপরাহ্ন
রাজশাহী বোর্ডে পাসের হার ও জিপিএ-৫ দুই সূচকেই সেরা বগুড়া, দ্বিতীয় রাজশাহী

রাজশাহী শিক্ষা বোর্ডের অধীন আট জেলার মধ্যে এবারের এসএসসি পরীক্ষার ফলাফলে পাসের হার ও জিপিএ-৫ পাওয়ার সংখ্যায় শীর্ষে রয়েছে বগুড়া জেলা। দুই সূচকেই দ্বিতীয় অবস্থানে রয়েছে রাজশাহী জেলা। পাসের হার ও জিপিএ-৫—দুই ক্ষেত্রেই বগুড়ার শিক্ষার্থীরা অন্য জেলাগুলোর চেয়ে এগিয়ে রয়েছে।সোমবার (১০ আগস্ট) সকালে রাজশাহী শিক্ষা বোর্ড প্রকাশিত জেলা ভিত্তিক ফলাফলের পরিসংখ্যান থেকে এসব তথ্য জানা গেছে। বোর্ডের তথ্য অনুযায়ী, এ বছর রাজশাহী শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য ১ লাখ ৭৮ হাজার ৯৫২ জন শিক্ষার্থী নিবন্ধিত ছিল। এর মধ্যে পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৭৬ হাজার ৪৪ জন।


অনুপস্থিত ছিল ২ হাজার ৯০৮ জন। অংশ নেওয়া পরীক্ষার্থীদের মধ্যে প্রায় ১ লাখ ১২ হাজার শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। বোর্ডে এবার গড় পাসের হার ৬৩ দশমিক ৬৭ শতাংশ। জেলা ভিত্তিক ফলে সবচেয়ে ভালো করেছে বগুড়া। এ জেলায় ৩২ হাজার ১৯৯ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে ২৩ হাজার ৩৮৯ জন উত্তীর্ণ হয়েছে। পাসের হার ৭২ দশমিক ৬৪ শতাংশ। বগুড়ায় জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৪৭৮ জন। পাসের হার ও জিপিএ-৫—দুই সূচকেই এটি বোর্ডের আট জেলার মধ্যে সর্বোচ্চ। পাসের হারের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে রাজশাহী জেলা। এ জেলায় ২৭ হাজার ৬৭৮ জন পরীক্ষার্থী অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ১৭ হাজার ২৩৯ জন। পাসের হার ৬২ দশমিক ২৮ শতাংশ। রাজশাহী জেলায় জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৯৪৯ জন। জিপিএ-৫ পাওয়ার সংখ্যার দিক থেকেও বগুড়ার পরেই রয়েছে রাজশাহী। জিপিএ-৫ পাওয়ার সংখ্যায় তৃতীয় অবস্থানে রয়েছে পাবনা জেলা। এ জেলায় ১ হাজার ৯৭০ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।


১ হাজার ৯০৭ জন জিপিএ-৫ নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে সিরাজগঞ্জ জেলা। রাজশাহী শিক্ষা বোর্ডে এবার মোট ১৬ হাজার ১১৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে ছাত্রী ৮ হাজার ৯৯১ জন এবং ছাত্র ৭ হাজার ১২২ জন। অর্থাৎ জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রেও ছাত্রদের তুলনায় ছাত্রীরা এগিয়ে রয়েছে। বগুড়া জেলাতেও একই চিত্র দেখা গেছে। এ জেলায় ১৫ হাজার ৬০ জন ছাত্রী পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে ১১ হাজার ৭৭৪ জন উত্তীর্ণ হয়েছে। ছাত্রীদের পাসের হার ৭৩ দশমিক ৬১ শতাংশ, যা জেলার সার্বিক পাসের হারের চেয়েও বেশি। রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক সূত্রে জানা গেছে, জেলা ভিত্তিক ফলাফলে বগুড়ার শিক্ষার্থীদের সাফল্য এবার উল্লেখযোগ্য। পাসের হার ও জিপিএ-৫—দুই সূচকেই বগুড়া জেলার অবস্থান শীর্ষে।